১১ ফেব্রুয়ারি , ২০১৫ ১২:১২
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরো-হরতালে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনায় দগ্ধ প্রত্যেককে ১০ লাখ টাকা করে সাহায্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনে গিয়ে তিনি এই সাহায্য দেন।
অবরোধ ও হরতালে নাশকতাকারীদের দেওয়া আগুনে আহতদের হাতে ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। বার্ন ইউনিটের কর্মকর্তারা জানান, নাশকতায় দগ্ধ ৫৩ জন এখন সেখানে চিকিৎসাধীন আছেন। আর ৬৩ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
বার্ন ইউনিট পরিদর্শনের সময় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। এসময় বিএনপি'র সঙ্গে সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'তারা হত্যাকারী। ওরা মানুষ পুড়িয়ে হত্যা করছে। অার হত্যাকারীদের সঙ্গে কোনও অালোচনা হতে পারে না। অামি তার (খালেদা জিয়া) ছেলের মৃত্যুর পর গিয়েছিলাম সহানুভূতি জানাতে। কিন্তু অামাকে তার বাসায় ঢুকতে দেওয়া হয় নাই। অামাকে অপমান করা হয়েছে। ওদের কোনও মনুষত্ব, দয়ামায়া নেই। নইলে এভাবে মানুষকে পুড়িয়ে মারতে পারতো না।'
জঙ্গিদের যেভাবে বিচার হয়, খালেদা জিয়ারও সেভাবে বিচার হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিএনপি-জামায়াতকে জঙ্গি দল অাখ্যা দিয়ে তিনি বলেন, 'মানুষ এখন রাস্তায় নামছে তাদের জীবন ও জীবিকার প্রয়োজনে। অথচ তারা এসব মানুষকে পুড়িয়ে উৎসব করছে। নিশ্চই খালেদা জিয়ার মানসিক বিকৃতি ঘটেছে। অার জামায়াত তার দোসর।'
তিনি বলেন, 'জামায়াত-বিএনপি এরা জঙ্গি। এদের থামাতে সরকার যতটা কঠোর হওয়া প্রয়োজন ততটাই কঠোর হবে।'
বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে যারা অর্থায়ন করছে তাদেরকেও খুঁজে বের করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে অবরোধ-হরতালের নামে বিএনপির জ্বালাও-পোড়াওয়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশ না করতেও সাংবাদিকদের পরামর্শ দেন তিনি।
গত ছয় বছরে অাওয়ামী লীগের শাসনামলে দেশ শিক্ষা, অর্থনীতি, চিকিৎসাসহ সব ক্ষেত্রে এগিয়ে গেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অতীতে অার কোনও সরকারের অামলে দেশে এত উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
আপনার মন্তব্য