২০ মার্চ, ২০২৬ ০৪:১২
মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক আদর্শ ও প্রজন্মকে একাত্তরের আলোয় দীক্ষিত করার প্রত্যয় নিয়ে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা-২০২৬’।
একাত্তরের প্রহরী ফাউন্ডেশন-যুক্তরাষ্ট্র এই বইমেলার আয়োজক সংগঠন।
আয়োজকরা জানিয়েছেন, নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঙেল ক্রিশ্চিয়ান সেন্টারে আগামী ১৫ মে থেকে শুরু হবে তিন দিনব্যাপী এই বইমেলা।
প্রথম দিন শুক্রবার বিকেলে নান্দনিক আয়োজনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বাংলা ভাষা ও সাহিত্যের বরেণ্য লেখক সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট জনেরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
সেমিনার, সিম্পোজিয়াম, বঙ্গবন্ধুর আদর্শভিত্তিক মুক্ত আলোচনা, কবিতা, আবৃত্তি, গ্রন্থালোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা, নতুন প্রজন্মের অংশগ্রহণে বাংলাদেশ ও বাঙালি জাতিসত্তা বিষয়ক টকশোসহ বিভিন্ন সৃজনশীল সূচি থাকবে তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা-২০২৬-এর আহ্বায়কের দায়িত্বে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, লেখক, সংগীতশিল্পী তাজুল ইমাম, সদস্যসচিব স্বীকৃতি বড়ুয়া।
তারা বলেন, ‘২০২৫ সালে শুরু হওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের চিরভাস্বর চেতনাকে সারা বিশ্বের পরবর্তী বাঙালি প্রজন্মের কাছে পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
উত্তর আমেরিকাসহ ইউরোপ, কলকাতা, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অতিথিরা এই আন্তর্জাতিক বইমেলায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আপনার মন্তব্য