সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৬ ২৩:০০

পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, প্রবাসে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় কালো মুখোশ পরে মহড়া দিয়েছেন একদল তরুণ। বুধবার (২৫ নভেম্বর) রাতে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন সড়ক ও অলিগলিতে অবস্থান নিয়ে তারা এ দাবি জানান।

হোয়াইটচ্যাপেল স্টেশনের পাশের ‘নেতা গলি’, পূর্ব লন্ডন মসজিদ সংলগ্ন এলাকা এবং প্রবাসীদের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির পরিচিত স্থান আলতাব আলী পার্কে জড়ো হন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মুখোশধারী তরুণদের ইংরেজি ও সিলেটি আঞ্চলিক ভাষায় বক্তব্য দিতে দেখা যায়। তাদের দাবি, কয়েক প্রজন্মের শ্রম ও ত্যাগের বিনিময়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটি একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছে। কিন্তু গুটিকয়েক রাজনৈতিক কর্মীর সংঘাত ও সহিংস কর্মকাণ্ডের কারণে পুরো কমিউনিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে যুক্তরাজ্যের ডানপন্থী রাজনীতিকদের সমালোচনার মুখেও পড়তে হচ্ছে বাংলাদেশি কমিউনিটিকে।

বুধবার রাত আটটার দিকে হঠাৎ একদল তরুণের মুখোশ পরে দলবদ্ধভাবে অবস্থান নেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম জানান, গত সোমবার স্থানীয় কমিউনিটি নেতারা বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবিতে একটি বৈঠক করেছিলেন। তবে এ ধরনের মুখোশ পরে মহড়া সমস্যার সমাধানের বদলে কমিউনিটির মধ্যে বিভাজন আরও বাড়াতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, এমন কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি করছে।

আপনার মন্তব্য

আলোচিত