১৫ মে, ২০২৬ ২৩:০৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দি ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত বণিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাত ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান।
শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তেল ও খনিজ প্রকৌশল (পিএমই) বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন বলে জানান বিভাগটির শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ১০/১১ জনের একটি গ্রুপ বিছনাকান্দি এলাকায় ঘুরতে যান। সেখানে স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামেন তারা। এ সময় বৃষ্টির কারণে উজান থেকে হঠাৎ ঢল নামলে পানির স্রোত বেড়ে যায়। প্রবল স্রোতের তোড়ে একপর্যায়ে শান্ত বণিক পানিতে তলিয়ে নিখোঁজ হন। এসময় তার বন্ধুদের চিৎকার ও চেচামেচি শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং তারা নৌকা নিয়ে তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
শান্ত বণিকের মরদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হচ্ছে।
আপনার মন্তব্য