৩০ নভেম্বর, ২০২৬ ০২:৪৪
ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা
সন্ধ্যায় সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সরকার ও বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তবে শান্তিপূর্ণভাবে সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী সন্ধ্যায় দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্টে যান এবং সেখানে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি জেলরোড পয়েন্ট, শাহী ঈদগাহ পয়েন্ট, টিভি গেট, কুয়ারপাড়, রিকাবীবাজারসহ নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ১৭ বছর আন্দোলন করে ফ্যাসিস্টকে হটিয়েছি। ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে আমরা সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করব।
আপনার মন্তব্য