শাবিপ্রবি প্রতিনিধি

১৪ মার্চ, ২০১৭ ১৮:১৮

নতুন নেতৃত্বে শাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এর নতুন কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) নবম কাউন্সিলে প্রসেনজিৎ রুদ্রকে আহ্বায়ক এবং নাযিরুল আযম বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে এ কমিটির নাম ঘোষণা করা হয়।

এছাড়া আহবায়ক ও সাধারণ সম্পাদক ছাড়াও চারজন কার্যকরী সদস্য নিয়ে মোট ছয় সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, তৌহিদুজ্জামান জুয়েল, মো. মঈনুদ্দিন মিয়া, এম. কে মুনিম ও জয়শ্রী দাস মুন।

কাউন্সিল উপলক্ষে বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারে আলোচনা সভা, কমিটি পরিচিতি ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সদ্য বিদায়ী আহ্বায়ক অপু কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য উজ্জল রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী রিন্টু, সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, সাধারণ সম্পাদক রুবাইয়েৎ আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে অপু কুমার দাস নতুন কমিটি ঘোষণা করে সদস্যদের উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

নতুন কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার অবিচল সংগ্রাম চালিয়ে যাবে। শিক্ষাকে পণ্যে পরিণত করার জন্য নানাবিধ ষড়যন্ত্রের ধারাবাহিকতায় PPP ও HEQEP  প্রণয়ন করা হয়েছে।

তিনি অবিলম্বে শিক্ষা ধ্বংসের এসব অপকৌশল বন্ধ করার দাবি জানান এবং ছাত্রসমাজকে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানান।


আপনার মন্তব্য

আলোচিত