সিলেটটুডে নিউজ ডেস্ক

২২ নভেম্বর, ২০১৭ ১২:১৩

কুষ্টিয়া ইবির বাতিলকৃত ১০০ শিক্ষার্থীর ভর্তির রায় বহাল

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলে সিন্ডিকেটের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে এই দুই বিষয়ে ভর্তি হওয়া ১০০ শিক্ষার্থীর ভর্তি বহাল রইল।

বুধবার (২২ নভেম্বর) দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১৭ এপ্রিল ওই ইউনিটে ভর্তি বাতিল হওয়া ৮৮ জন শিক্ষার্থীর করা রিটে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন।

পরে রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, গত বছরের ৭ ডিসেম্বরের দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি ১০০ শিক্ষার্থী ওই দুটি বিভাগে ভর্তি হন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠার পর ৬ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পরীক্ষা বাতিল করে।

ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফারহানা আক্তার লিজাসহ ৮৮ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৩ মার্চ হাইকোর্ট সিন্ডিকেটের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করা হয়। এর মধ্যে ১৬ মার্চ ‘এফ’ ইউনিটে ফের পরীক্ষা নেয় কর্তৃপক্ষ।

এদিকে রুহুল কুদ্দুস কাজল জানান, ৮৮ জন শিক্ষার্থী রিট করলেও এই রায় ভর্তি হওয়া ১০০ শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মামলার নথি সূত্রে জানা গেছে, গত বছরের ০৭ ডিসেম্বর ওই বিষয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৬ জানুয়ারি ১০০ শিক্ষার্থী ওই দু’টি বিভাগে ভর্তি হন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর ০৬ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পরীক্ষা বাতিল করে।

ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফারহানা আক্তার লিজাসহ ৮৮শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৩ মার্চ হাইকোর্ট সিন্ডিকেটের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন। এরপর এ রুলের শুনানি শেষে হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসুলেট) ঘোষণা করেন। ফলে ১৬ জানুয়ারি ভর্তি হওয়া ১০০ শিক্ষার্থীর ভর্তি বহাল রইলো। তবে এসব শিক্ষার্থী কোন সেশন থেকে ক্লাস শুরু করবে তা বিস্তারিত রায়ের পর জানা যাবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৬ মার্চ ‘এফ’ ইউনিটে ফের পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করেছে।

আপনার মন্তব্য

আলোচিত