২৫ নভেম্বর, ২০১৭ ১৬:৫৩
গবেষণা ক্ষেত্রে সহযোগিতার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকায়েফ ও আন্তর্জাতিক সংস্থা ক্যাটালিস্ট-এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার সকাল এগারটায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. গোলাম শাহি আলম ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, এসকায়েফ-এর পক্ষে প্রোডাকশন প্রমোশন ম্যানেজার আ.ন.ম. সেলিম হাসান এবং ক্যাটালিস্টের পক্ষে সিনিয়র এডভাইজার এমদাদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গবেষণা কার্যক্রমে সহায়তা করবে এসকায়েফ ও ক্যাটালিস্ট। এছাড়াও এ চুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রে এসকায়েফ উৎপাদিত বিভিন্ন ওষুধের প্রয়োগশীলতার বিষয়েও গবেষণা চালানো হবে।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও অনুষ্ঠানের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়ের সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শাহাব উদ্দিন, ড. এম.এম. মাহবুব আলম।
আপনার মন্তব্য