রাবি প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০১৭ ১০:০৭

নির্বাচনের দাবিতে ‘ডিবেট ফর রাকসু’ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ‘ডিবেট ফর রাকসু’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করে ‘শিক্ষার্থীদের আন্দোলন মঞ্চের’ ব্যানারের শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ‘রাকসু নির্বাচন ছাত্র নেতৃত্বকে নতুন মাত্রা দিবে’ বিষয়ের পক্ষ বিপক্ষে বিতর্ক করে।

বিতর্কে রাকসু নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের করণীয় বিষয়ে আলোচনা হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুয়েল রানা। স্পিকার হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শরিফুল হক পিয়াস।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় ‘ডিবেট ফর রাকসু’ সম্পর্কিত টকশো অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শপথ পাঠ ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচির মধ্য দিয়ে রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের আন্দোলন মঞ্চের শিক্ষার্থীরা। পরে চার দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।

আপনার মন্তব্য

আলোচিত