সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:০১

নানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করলো জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সাংস্কৃতিক কমিটির ব্যবস্থাপনায় ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানসমূহের মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোভাযাত্রা, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ব্যানার, প্ল্যাকার্ড ইত্যাদি নিয়ে ডক্টরস্ ক্লাবে সমবেত হন এবং সকাল সাড়ে ৯টায় ডক্টরস্ ক্লাব হতে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেনের নেতৃত্বে উপস্থিত সকল শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে বিশাল শোভাযাত্রা নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন।

কলেজ অধ্যক্ষের নেতৃত্বে শোভাযাত্রায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ, ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীমা আক্তার সহ সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এছাড়াও সন্ধানী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আয়েশা বেগম এর নেতৃত্বে নার্সিং কলেজের অন্যান্য শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র‌্যালি নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ সহ অন্যান্য শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এর পরপরই বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের পক্ষ থেকে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন নার্সিং কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আয়েশা বেগম।

শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য শেষে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন চৌহাট্টস্থ বিএমএ ভবন (ট্রাস্ট ব্যাংক) চত্বরে সন্ধানী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এখানে তিনি কিছুক্ষণ রক্তদান কর্মসূচী পর্যবেক্ষণও করেন।

আপনার মন্তব্য

আলোচিত