সিলেটটুডে ডেস্ক

২১ মার্চ, ২০১৮ ১৯:৪৭

লিডিং ইউনিভার্সিটিতে ‘অফিস ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা

লিডিং ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দুই দিনব্যাপী  ‘অফিস ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (২১ মার্চ) সকাল ৯টায় দক্ষিণ সুরমায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ঢাকা এর ব্যবস্থাপনা উপদেষ্টা এম আমিনুর উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. আলী আক্কাস। লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রথম পর্বের কর্মশালায় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, দক্ষতার সাথে অফিস ব্যবস্থাপনা খুবই জরুরী। যোগাযোগ এবং সঠিক সার্ভিস প্রদান যেকোন প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যায়।

তিনি আরও উল্লেখ করেন, লিডিং ইউনিভার্সিটি সবসময় নেতৃত্ব দিয়ে আসছে এবং সেক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তাদেরও ভূমিকা রয়েছে।

তিনি রিসোর্স পারসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের এ কর্মশালা থেকে প্রদত্ত সুনির্দিষ্ট দিকনির্দেশনা লিডিং ইউনিভার্সিটির অগ্রযাত্রাকে ধরে রাখবে এবং দেশ ও দেশের বাইরে সুনাম বয়ে আনবে। তিনি কর্মশালার আয়োজন করার জন্য লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ও অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।

কর্মশালায় রিসোর্স পারসন এম আমিনূর রহমান তাঁর বক্তব্যে অফিসের নথি ব্যবস্থাপনা অনুশীলন ও উপস্থাপনা, সভা ও দাপ্তরিক যোগাযোগ এবং রেকর্ড ব্যবস্থাপনা, চাকরির শিষ্টাচার ও ম্যানারসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক স্থপতি রাজন দাশ।

কর্মশালার দ্বিতীয় দিন ২২ মার্চ বৃহস্পতিবার সকল অফিস সহকারী এবং ল্যাব সহকারী অংশগ্রহণ করবেন।

আপনার মন্তব্য

আলোচিত