২১ মার্চ, ২০১৮ ১৯:৫২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের প্রধান ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক ইমরান খান নেতৃত্বাধীন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
বুধবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টায় শাহপরান হলে তালা ঝুলান তাঁরা।
এদিকে হলের ভিতরে প্রবেশ করতে না পেরে বিপাকে পড়েছেন বেশ কিছু আবাসিক শিক্ষার্থী। এ ঘটনায় হলের বাইরে অবস্থান করছেন সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজের অনুসারীরা।
সন্ধ্যা ৭টার দিকে শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন, প্রক্টর জহির উদ্দিন আহমেদ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা হলে প্রবেশ করতে চাইলে তাদেরকেও দীর্ঘক্ষণ আটকে রাখেন রুহুল-ইমরান ও তাদের অনুসারীরা। এ সময় গেট খুলে না দিতে হুমকি দিলে নিরাপত্তাপ্রহরী ভয়ে গেট খুলে দেয়নি। পরবর্তীতে মিনিট দশেক পরে হল প্রভোস্ট ও প্রক্টর ভেতরে প্রবেশ করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র সহ রুহুল-ইমরানের অনুসারীরা হলের অভ্যন্তরে এবং সাঈদ-সবুজ গ্রুপের নেতাকর্মীরা হলের বাইরে অবস্থান করছিলেন।
আপনার মন্তব্য