নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০১৮ ২১:৫৫

শাবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি তুরিকুল ইসলাম তারেক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলাটি করেছেন বলে জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

আসামিরা হলেন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ আকন্দ ও সৈয়দ জুয়েম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ ও আশরাফুল আলম অন্তু, সাংগঠনিক সম্পাদক দোলন আহমদ, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র বর্মণ, সদস্য মুনকির কাজী, কাজী তৌফিকুর রহমান তন্ময়, মুস্তাফিজুর রহমান খান ও বাসির মিয়া।

এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ১২ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাজিদুল ইসলাম সবুজ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

ওই সংঘর্ষের সময় পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয় জানিয়ে জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “কে বা করা গুলি ছুড়েছে সেটা আমরা নিশ্চত নই।”

এ ঘটনার জেরে সংগঠনটির ১২ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বহিষ্কৃতদের নয় জন এ মামলার আসামি। তাদের সকলেই সাইদ-সবুজের অনুসারী।

আপনার মন্তব্য

আলোচিত