সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০২৫ ২১:৫৩

১৫ আগস্টে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোয় ঢাবিতে শাকিব-জয়াদের ছবিতে ‘জুতাপেটা’

১৫ আগস্ট নিয়ে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক জ্ঞাপন করেন তারকাদের অনেকে। এর ‘প্রতিবাদে’ তাদের ছবি টানিয়ে শনিবার ঢঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচী পালন করেছে কিছু লোক।

শোক জানানো তারকাদের বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে ফ্যাসিজমকে পুনর্বাসনের অভিযোগ তোলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শনিবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় এই তারকাদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ‘প্রতীকী জুতাপেটা’ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে একটি ব্যানারে বিনোদন অঙ্গনের তারকা, সাংবাদিক, চিত্র নির্মাতাদের ছবিতে প্রতীকী জুতাপেটা করা হয়।

ব্যানারে বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শমি কায়সার, শম্পা রেজা, জয়া আহসান, শামিম (মনা), জাহের আলভি, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক শাকিব খান, স্বাধীন খসরু, কচি খন্দকার এবং মেহের আফরোজ শাওন প্রমুখের ছবি ছিলো।

এছাড়া সাংবাদিক শাহেদ আলম, আব্দুন নূর তুষার, জ. ই মামুন, আনিস আলমগীর, ফারাবী হাফিজ, লেখক সাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক কামরুল হাসান মামুন, ক্রিকেটার সাকিব আল হাসান, সংগীতশিল্পী রাহুল আনন্দ, ব্যান্ডদল আর্টসেলের লিংকন এবং নাট্যকার সুমন আনোয়ারের ছবিও ছিলো ওই ব্যানারে।

আপনার মন্তব্য

আলোচিত