সাদিকুর রহমান সাকী

১২ নভেম্বর, ২০২৬ ০০:২৪

সিলেটে রনজিতের সভা: আলোচনায় প্রশাসনের ‘ব্যর্থতা’ ও রাজনৈতিক ‘আঁতাত’!

সিলেটের জলাবন রাতারগুলের শান্ত পরিবেশ হঠাৎ করেই উত্তেজনা তৈরি করেছে জাতীয় রাজনীতিতে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের একটি সমাবেশ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা। সেই সমাবেশটি হয় রাতাগুলেরই একটি রিসোর্টে।

রনজিত প্রায় পৌনে দুই শত নেতাকর্মী নিয়ে সেখানে রাজনৈতিক সমাবেশ করলেন, ভাষণ দিলেন এবং নিরাপদে স্থান ত্যাগ করে নিজেই সেই ভিডিও ছড়িয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু চাঞ্চল্যকর এই পুরো প্রক্রিয়ার একটি ধাপও ধরা পড়েনি প্রশাসনের চোখে। সুনামগঞ্জ-১ আসনের আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের এই ‘ফিল্মি স্টাইলের’ গোপন সমাবেশ কেবল আইনশৃঙ্খলা বাহিনীর মাঠপর্যায়ের নজরদারি ও গোয়েন্দা তৎপরতাকেই কাঠগড়ায় দাঁড় করায়নি; একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠেছে।

গত ৮ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ অত্যন্ত নিখুঁত পরিকল্পনায় সাজানো হয় এই সমাবেশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশি তথ্যমতে, সরাসরি রাজনৈতিক পরিচয় গোপন করে একটি ‘শিক্ষা সফরের’ আবরণে রিসোর্টটি ভাড়া নেওয়া হয়েছিল। বাসভর্তি লোকজনের আগমন, শিক্ষা সফরের ব্যানার টানিয়ে প্যান্ডেল সাজানো—সবকিছুই করা হয় সাধারণ পর্যটকদের মতো করে। কিন্তু ভেতরে জমায়েত হতেই বদলে যায় দৃশ্যপট; মঞ্চে উঠে বক্তব্য দেন সাবেক এমপি রনজিত সরকার। যেখানে ১৭৫ জন লোকের উপস্থিতি, বড় অঙ্কের অর্থনৈতিক লেনদেন ও বিশাল খাবারের আয়োজন প্রয়োজন পড়ে, সেখানে পুরো প্রক্রিয়াটি প্রশাসনের অজান্তে কীভাবে বাস্তবায়িত হলো, তা এখন বড় প্রশ্নের বিষয়।

আলোচনার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু রনজিত সরকারের অবস্থান। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ২০২৪ এর ৫ আগস্টের পর তিনি যুক্তরাজ্যে চলে যান। সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখাত হওয়ার পর সম্প্রতি তিনি ভারতে চলে আসেন। সেই ব্যক্তি সীমান্ত পেরিয়ে সিলেট অঞ্চলে কীভাবে এলেন এবং সমাবেশ করে নির্বিঘ্নে ফিরে গেলেন—তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তার এই সীমান্ত পরাপার নিয়ে সীমান্তরক্ষী বাহিনী এবং সীমান্ত এলাকার গোয়েন্দা নজরদারি নিয়েও প্রশ্ন ওঠেছে।

রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টটির অবস্থান গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদের বাড়ির কয়েকশ গজের মধ্যে। এই রিসোর্টের মালিক সোহেল আহমদ বিএনপি সভাপতির চাচাতো ভাই। একই এলাকায় বসবাস করেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজাহান সিদ্দিকীও।

শুধু তাই নয়, সভার প্যান্ডেল ও ডেকোরেশনের কাজ হয়েছে যে প্রতিষ্ঠান থেকে, সেই ‘তারেক ডেকোরেটার্স’-এর মালিক নিজাম উদ্দিন ফতেহপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। যদিও বিএনপি নেতারা দাবি করছেন শিক্ষা সফরের নামে তাঁদের প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে এবং এর পেছনে কী হচ্ছে তা তাঁদের জানা ছিল না, তবে নিজ বাড়ির পাশে পৌনে দুই শ আওয়ামী নেতাকর্মীর এমন মহড়া স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের নজরে না আসার বিষয়টি রহস্যের সৃষ্টি করেছে।

এ ব্যাপারে ফতেহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তারেক ডেকোরেটার্স-এর স্বত্বাধিকারী নিজাম উদ্দিন বলেন, “রিসোর্টের মালিক সোহেল আমাদের কাছে শিক্ষা সফরের কথা বলে ডেকোরেটার্স ও প্যান্ডেল তৈরির জিনিসপত্র ভাড়া নিয়েছিলেন। সেখানে কোনো রাজনৈতিক সভা হবে কিংবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার আসবেন—এমন কোনো তথ্য আমাদের জানা ছিল না। সাধারণ একটি শিক্ষা সফরের আয়োজন মনে করেই আমরা চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করেছিলাম।”

ভিডিও ভাইরালের পর তৎপর হওয়া পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে রিসোর্টের দুই কর্মচারীসহ চারজনকে আটক করেছে। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়ল বলেন, “আমরা তথ্য পেয়েছি একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে লোকজন সেখানে এসে সভাটি করেছে। ঘটনার সময় আমাদের কাছে এ বিষয়ে কোনো পূর্বতথ্য ছিল না। পুরো ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় রিসোর্টের দুই কর্মচারীসহ চারজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং সভায় উপস্থিত বাকিদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।”

তবে ঘটনার পর থেকেই রিসোর্ট মালিক সোহেল আত্মগোপনে চলে গেছেন। সরেজমিন রিসোর্টটিতে গিয়ে দেখা যায় একদম পিনপতন নিরবতা। দু’জন গ্রামপুলিশকে দেওয়া হয়েছে দেখাশোনার দায়িত্ব। পুরো পর্যটন এলাকাটিতে এখন বিরাজ করছে এক থমথমে পরিস্থিতি ও চাপা আতঙ্ক; স্থানীয় বাসিন্দারা এনিয়ে মুখ খুলিতে নারাজ।

আপনার মন্তব্য

আলোচিত