নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৬ ২৩:২৩

সিলেটে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

সিলেটের বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগ নেতা মুফতি মাহমুদ জায়গীরদারকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত জিল্লুর রহমান জায়গীরদারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত (২৪ নভেম্বর) রাত পৌনে ১টায় বালাগঞ্জ থানা পুলিশ বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এবিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, গোলাপগঞ্জে অভিযান চালিয়ে জেলা যুবলীগের সদস্য মাহদী হোসেন আরিফকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জায়ফরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বালাগঞ্জ শ্রমিক লীগের এক নেতা ও বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

মাহদী হোসেন আরিফ জায়ফরপুর গ্রামের মৃত মাওলানা হাবিব হোসেনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী। তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনে সন্দিগ্ধ আসামি হিসেবে মাহদীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

অপরদিকে, বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল তাহিদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বরইগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বরইগাঁও গ্রামে অভিযান চালায় বিশ্বনাথ থানা পুলিশের একটি দল। এ সময় নিজ বাড়ি থেকে আব্দুল তাহিদকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ২১ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত তিনি।

তিনি জানান, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার (২৫ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

এছাড়া, মহানগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর বংশীধর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আব্দুল মালেক (৪০)। তিনি শাহপরাণ (রহ.) থানাধীন বংশীধর এলাকার হারিছ আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বংশীধর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শাহপরাণ (রহ.) থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল মালেক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আফজাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত