নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৬ ১৮:৩৩

মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে

তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি ফেরার পথে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেই এই বাউলশিল্পী।

একদিন আগে পেহেলি ভৈরবী ফেসবুকে তার সিলেটের অনুষ্ঠানের তথ্য জানিয়েছিলেন। ফেসবুকে শেষ স্ট্যাটাসে লিখেছিলেন, সিলেটের বিশ্বনাথে গান গাইতে যাচ্ছেন। সেই যাত্রাই হয়ে গেল জীবনের শেষ সফর। মাজারে গান পরিবেশন শেষে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান ১৮ বছর বয়সী বাউলশিল্পী পেহেলি ভৈরবী। একই দুর্ঘটনায় নিহত নয়জনের একজন তিনি। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, ভক্ত ও বাউল অঙ্গনে।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার বৈরাগী বাজারে হজরত ছাবাল শাহ্‌ (রহ.)-এর মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করে শুক্রবার সকালে বাড়ি ফেরার পথেই ওসমানীনগরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। আহত হয়েছেন তার সঙ্গে থাকা বাবাও।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাসে পেহেলী ভৈরবী লিখেছিলেন, ‘আসসালামু ওয়ালাইকুম...! সবাই কেমন আছেন আজকে ০৬/০৮/২০২৬ ইং প্রোগ্রাম এ যাবো বিশ্বনাথ নদার রামপাশা, বৈরাগি বাজার। হজরত ছাবাল শাহ্ মাজারে। আশে পাশে যারা আছেন আজকে দাওয়াত রইলো, ধন্যবাদ।’ এই আমন্ত্রণই হয়ে রইল তার জীবনের শেষ পোস্ট। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপার কোচের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি, পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে পেহেলি ভৈরবী ছিলেন এই দুর্ঘটনায় নিহত অন্তত ৯ জনের একজন। মর্মান্তিক সংবাদটি ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে বাউল ও লোকসংগীত অঙ্গনে। ফেসবুকে তার ছবি ও ভিডিও গান ছাড়িয়ে শোক প্রকাশ করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত