বিনোদন ডেস্ক

১২ অক্টোবর, ২০২৬ ১৪:০১

সিলেটের ‘বিলাই ম্যাও ম্যাও’ এখন ভারতের সিনেমায়

সিলেটের লোকজ সংস্কৃতির একটি বিশেষ ধারা ‘ওঝার গান’। রোগী দেখার সময় কিংবা বিষ নামানোর কাজে স্থানীয় কবিরাজ-শিল্পীরা এ ধরনের গান পরিবেশন করেন। সেই গানই এবার জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের সিনেমায়। আর এর নেপথ্যে রয়েছেন সিলেটের শিল্পী আনহার মিয়া।

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত সিনেমা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে গত ৯ অক্টোবর প্রকাশ করা হয়েছে নতুন গান ‘বিলাই ম্যাও ম্যাও’। গানটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের এই শিল্পীর নাম।

জানা গেছে, প্রায় তিন বছর আগে গানটি তৈরি করেন আনহার মিয়া। এর কথা ও সুরও তারই। তবে গানটির প্রকাশিত সংস্করণে কণ্ঠ দিয়েছেন বনি চক্রবর্তী। সংগীতায়োজন করেছেন বনি চক্রবর্তী ও সুদীপ্ত পাল।

সিনেমাটির প্রচারে বিশেষভাবে ব্যবহার করা হচ্ছে ‘বিলাই ম্যাও ম্যাও’ গানটি। সম্প্রতি ‘বিগ বস বাংলা’র অনুষ্ঠানে গানটির তালে নেচেছেন সিনেমার নির্মাতা-অভিনেতা শিবপ্রসাদ মুখার্জি, অভিনেত্রী কৌশানি মুখার্জি ও অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ গাঙ্গুলি।

আনহার মিয়া জানান, চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রযোজক অনন্যা রুমার মাধ্যমে সিনেমাটির নির্মাতাদের সঙ্গে তার যোগাযোগ হয়। প্রথমে তাকে না পেয়ে বনি চক্রবর্তী গানটিতে কণ্ঠ দেন। পরে আনহার মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কলকাতায় গিয়ে গানটির রেকর্ডিং করেন।

এ বিষয়ে আনহার মিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমাকে না পেয়ে প্রথমে বনি চক্রবর্তী গানটিতে কণ্ঠ দিয়েছে। পরে আমার সঙ্গে যোগাযোগ হওয়ায় আমি ২৪ সেপ্টেম্বর কলকাতায় গিয়েছি। ২৫ সেপ্টেম্বর গানের রেকর্ডিং করেছি। আমাকে বলেছে, আমার কণ্ঠের গানটি পরে প্রকাশ করা হবে।’

নিজের কণ্ঠের সংস্করণ প্রকাশ না হলেও এ নিয়ে আক্ষেপ নেই বলে জানান আনহার মিয়া। তার ভাষ্য, সিনেমার পরিচালক শিবপ্রসাদ মুখার্জি তাকে যথেষ্ট সম্মান ও ভালোবাসা দিয়েছেন। পাশাপাশি ভালো সম্মানীও পেয়েছেন তিনি। এতেই সন্তুষ্ট এই শিল্পী।

‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় শিবপ্রসাদ ও কৌশানি মুখার্জির পাশাপাশি অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, সোহিনী সরকার, প্রদীপ ভট্টাচার্য, অপূর্ব বর, তিতিক্ষা দাস ও রজতাভ দত্তসহ অনেকে। আগামী ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

আপনার মন্তব্য

আলোচিত