সিলেটটুডে ডেস্ক

০৮ নভেম্বর, ২০২০ ১১:৪০

এবার ‘সেকেন্ড লেডি’ নেই, কী হবে কমলার স্বামীর সম্বোধন?

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পদে জো বাইডেন নির্বাচিত হয়েছেন, ভাইস-প্রেসিডেন্ট হয়েছেন কমলা হ্যারিস।

সিএনএন জানায়, পেনসিলভানিয়ার ২০টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন হচ্ছেন। এখন পর্যন্ত পাওয়া ফলে বাইডেন প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট অতিক্রম করেছেন। তার ঝুলিতে এখন ২৭৩ ইলেকটোরাল ভোট।

নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর এক টুইট বার্তায় কমলা হ্যারিস বলেন, ‘এই নির্বাচন আমার বা জো বাইডেনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটি যুক্তরাষ্ট্রের আত্মা ও আমাদের লড়াইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত। আমাদের সামনে অনেক কাজ পড়ে আছে। চলুন আমরা শুরু করি।’

কমলা হ্যারিসের জন্ম ক্যালিফোর্নিয়ায়, বয়স ৫৪। বাবা জ্যামাইকা ও মা ভারতের তামিলনাড়ু থেকে আসা অভিবাসী। চেন্নাইয়ের বিজ্ঞানী মার্কিন মুলুকে গিয়েছিলেন গবেষণার কাজে। তারপর সেখানেই থেকে যান, বিয়ে করেন এক আফ্রিকান মার্কিনিকে। কমলা তাদেরই সন্তান। তবে সাত বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় মায়ের কাছেই বড় হয়েছেন কমলা। একই সঙ্গে দেখেছেন, এশিয়ান এবং আফ্রিকানদের সঙ্গে শ্বেতাঙ্গ মার্কিনিদের একাংশের দুর্ব্যবহার। কমলা নিজেই বলেছেন, কোনো কোনো এলাকায় সকলের সঙ্গে খেলার সুযোগ পেতেন না তিনি আর তার বোন। কারণ তাঁদের গায়ের রং আলাদা।

মিশ্র বংশীয় কমলা হ্যারিস মার্কিন সিনেটের কনিষ্ঠ সদস্য। কমলার মা শ্যামলা গোপালন দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষে উচ্চতর শিক্ষা নিতেই এসেছিলেন যুক্তরাষ্ট্রে। ইউনিভার্সিটি অব ইলিনয়ে ব্রেস্ট ক্যানসার গবেষক হিসেবে যোগ দেন। একজন ক্যানসার গবেষক হিসেবেই তাকে চেনেন সবাই। বাবা অধ্যাপক ডোনাল্ড হ্যারিস ও মা শ্যামলার বিচ্ছেদ হলে মা ছিলেন মূলত কমলার ছায়াসঙ্গী।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলার আগে মাত্র দুজন নারী ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন। এদের মধ্যে ২০০৮ সালে রিপাবলিকান পার্টি থেকে সারাহ পলিন ও ১৯৮৪ সালে ডেমোক্রেটিক দল থেকে জেরালডিন ফেরারো।

জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ায় ফার্স্ট লেডি হচ্ছেন তার স্ত্রী জিল বাইডেন। কিন্তু এত দিন সেকেন্ড লেডি থাকলেও এবার তো আর সেকেন্ড লেডি থাকছেন না। তাহলে কী হবে? যুক্তরাষ্ট্রে এই পরিস্থিতি এর আগে কখনো সৃষ্টি হয়নি। কারণ, দেশটি এ পর্যন্ত কোনো নারী ভাইস প্রেসিডেন্ট পায়নি। ফলে সেকেন্ড লেডির জায়গায় একজন পুরুষ হলে কী হবে, তা নিয়েও কখনো ভাবতে হয়নি।

এই আলোচনার শুরু মূলত ২০১৬ সালের নির্বাচনে। কারণ, সেবার নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন হিলারি ক্লিনটন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, হিলারি জিতলে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে কী ডাকা হবে? ‘ফার্স্ট জেন্টেলম্যান’, নাকি ‘ফার্স্ট স্পাউস’, নাকি ‘ফার্স্ট হাজবেন্ড’?

কিন্তু এই প্রশ্ন আর বেশি দূর এগোয়নি। কারণ, ওই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয় পান। কিন্তু এবার জো বাইডেনের জয় নিশ্চিত। ফলে কমলার স্বামী ডগলাস এমহফের সম্বোধন নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছে।

এবার দেখার বিষয় কমলা দেবী হ্যারিসের স্বামী ডগলাস এমহফের সম্বোধন কী হয়?

আপনার মন্তব্য

আলোচিত