সিলেটটুডে ডেস্ক

০৮ নভেম্বর, ২০২০ ১১:৫৯

ট্রাম্প আর কতদিন হোয়াইট হাউসে থাকছেন?

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভাইস-প্রেসিডেন্ট হয়েছেন কমলা দেবী হ্যারিস। নির্বাচনের ফলে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও এখনই তিনি ১৬০০ পেনসিলভেনিয়া অ্যাভেনিউস্থ হোয়াইট হাউসে ওঠতে পারছেন না। এর আগে কিছু কাজ করতে হবে তাকে। এই প্রক্রিয়া সাধারণত নির্ঝঞ্ঝাট হয়, তবে এবার কিছু জটিলতা থাকতে পারে যেহেতু এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হতে পারে।

যুক্তরাষ্ট্রের সংবিধানে লেখা আছে যে, প্রেসিডেন্টের নতুন মেয়াদ শুরু হবে জানুয়ারি মাসের ২০ তারিখে, দুপুর বারোটায়। ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয় রাজধানী ওয়াশিংটনে জাঁকজমকপূর্ণ একটি 'অভিষেক' অনুষ্ঠান দিয়ে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথ পাঠ করান। অর্থাৎ, জো বাইডেন এবং কমলা হ্যারিস জানুয়ারি ২০, ২০২১-এ শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করবেন।

এই সময়সূচিতে ব্যতিক্রম হয়, যদি ক্ষমতাসীন প্রেসিডেন্ট দায়িত্বে থাকাকালে পদত্যাগ করেন বা মারা যান। তখন ভাইস প্রেসিডেন্ট সাথে সাথে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

নভেম্বরে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং জানুয়ারির ২০ তারিখে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাঝের সময়টি 'ট্রান্সিশন' বলা হয়। নব-নির্বাচিত প্রেসিডেন্ট একটি 'ট্রান্সিশন টিম' গঠন করেন, যার কাজ হলো ক্ষমতা গ্রহণ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা। বাইডেন টিম ইতোমধ্যেই একটি ট্রান্সিশন ওয়েবসাইট চালু করেছে।

তারা জো বাইডেনের মন্ত্রীসভার জন্য সম্ভাব্য সদস্য চিহ্নিত করবেন, নতুন সরকারের নীতি কী হবে, কোন বিষয়ে তারা অগ্রাধিকার দেবে, সেগুলো আলোচনা করবেন এবং দেশ চালানোর জন্য প্রস্তুতি নেবেন। এই টিমের সদস্যরা বিভিন্ন ফেডারেল দপ্তরে গিয়ে তাদের কাজ সম্পর্কে বিস্তারিত শুনবেন, যেমন কোন কাজের ডেডলাইন কী, কত বাজেট আছে, মন্ত্রণালয়ের নিজস্ব কর্মচারীরা কী কাজ করেন ইত্যাদি। বিভিন্ন অফিসে যারা বাইডেন প্রশাসনের হয়ে নতুন কাজ করতে আসবেন, ট্রান্সিশন টিম এসব তথ্য তাদের জন্য সংগ্রহ করেন, এবং জানুয়ারির ২০ তারিখের পরও সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন। জো বাইডেন গত কয়েক মাস ধরে তার ট্রান্সিশন টিম গঠন করেছেন, তা পরিচালনা করার জন্য অর্থ সংগ্রহ করেছেন এবং গত সপ্তাহে তিনি একটি ওয়েবসাইট চালু করলেন।

ট্রান্সিশন কালে আমেরিকার প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজের দপ্তরের জন্য কর্মচারী নিয়োগ করবেন এবং পূর্ববর্তী প্রশাসনের কাছ থেকে তার দায়িত্ব সম্পর্কে জানবেন।

ভাইস-প্রেসিডেন্ট ওয়াইট হাউসের ওয়েস্ট উয়িং-এ অফিস করেন, কিন্তু তিনি সেখানে বাস করেন না। ঐতিহ্য অনুযায়ী তারা ইউ এস নেভাল অবজারভেটরি প্রাঙ্গণে বাস করেন যেটা শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত। কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ একজন আইনজীবী যিনি বিনোদন শিল্পে কাজ করেন।

অন্তর্বতীকালিন এই সময়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী তিনি ২০ জানুয়ারি ২০২১ পর্যন্ত থাকছেন এই পদে।

আপনার মন্তব্য

আলোচিত