০৯ সেপ্টেম্বর, ২০২১ ১১:০৬
কট্ররপন্থী তালেবান সরকার আফগানিস্তানে নারীদের ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ করতে পারে বলে জানিয়েছেন তালেবানের নতুন সরকারের সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান আহমাদুল্লাহ ওয়াসিক।
অস্ট্রেলিয়ান সম্প্রচারমাধ্যম এসবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি মনে করি না যে আফগান নারীদের ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হবে। কারণ তাদের ক্রিকেট খেলার কোনো প্রয়োজন নেই। ক্রিকেটে নারীরা মুখ ও শরীর ঢেকে রাখতে পারেন না। ইসলামে নারীদের এভাবে নিজেকে তুলে ধরার কোনো সুযোগ নেই।”
আহমাদুল্লাহ ওয়াসিক আরও বলেন, “এখন গণমাধ্যমের যুগ। নারীদের ছবি ও ভিডিও প্রকাশিত হবে এবং মানুষ সেগুলো দেখবে। বেপর্দা হয়ে খেলতে হয় নারীদের এমন খেলার অনুমতি ইসলামে নেই।”
এদিকে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নারী ক্রিকেট দল নিষিদ্ধ করার ব্যাপারে তাদের আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে নারীদের সব খেলাধুলার আয়োজন ইতোমধ্যেই স্থগিত করা হয়েছে।
তালেবান কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ক্রিকেটারসহ নারী খেলোয়াড়রা আফগানিস্তানে আত্মগোপনে আছেন। কয়েকজন নারী মাঠে খেলতে গেলে তালেবানরা তাদেরকে সহিংসতার হুমকি দিয়েছে।
প্রসঙ্গত, অংশগ্রহণমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও নতুন তালেবান সরকারে কোনো নারী নেতৃত্ব নেই। নারীদের খেলাধুলা নিষিদ্ধ ও সরকারে কোনো নারী নেতৃত্ব না থাকা নতুন আফগান সরকার নারী অধিকার সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আপনার মন্তব্য