২৪ নভেম্বর, ২০২৬ ১১:২৯
ভারতের পশ্চিমবঙ্গে নির্বিচারে গরু জবাই বন্ধে বিদ্যমান আইনি বিধান আরও কঠোর করতে নতুন বিল আনার পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার (২৩ নভেম্বর) রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যে 'গোমাতা' জবাই করতে দেওয়া হবে না।
শুভেন্দু অধিকারী বলেন, 'আমি রাজ্যে গোমাতা জবাই করতে দেব না। মন্ত্রিসভার সিদ্ধান্ত আপনারা নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারেন।'
বয়স্ক গবাদিপশুর দেখভাল ও চিকিৎসার জন্য গোশালাগুলোকে বছরে ১ লাখ রুপি করে অনুদান দেওয়ার ঘোষণাও দেন তিনি।
এ সিদ্ধান্তের প্রভাব কসাইখানাগুলোর ওপরও পড়বে কি না, জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, অনুমোদিত কসাইখানার কার্যক্রম এবং গরু জবাই এক বিষয় নয়। তিনি বলেন, 'কসাইখানার কার্যক্রম আর গোমাতাকে স্পর্শ করা এক বিষয় নয়। অনুমতি থাকলে কসাইখানায় জবাই করা যেতে পারে।'
মুখ্যমন্ত্রী স্বীকার করেন, বিদ্যমান আইনি বিধান থাকা সত্ত্বেও রাজ্যের কিছু এলাকায় অবৈধভাবে গবাদিপশু জবাই চলছে। কয়েকটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে। এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের কথাও উল্লেখ করেন তিনি।
শুভেন্দু অধিকারী ১৯৫০ সালের 'পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন' এবং ২০১৮ সালে কলকাতা হাইকোর্টের দেওয়া একটি আদেশের কথা উল্লেখ করেন।
জবাইয়ের আগে স্বাস্থ্যগত সক্ষমতার সনদ বাধ্যতামূলক
২০২৬ সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্যগতভাবে জবাইয়ের উপযুক্ত বলে সনদ না পাওয়া পর্যন্ত কোনো প্রাণী জবাই করা যাবে না। এ তালিকায় ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাছুর এবং খাসি করা মহিষ অন্তর্ভুক্ত।
নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত স্থানীয় কর্মকর্তা ও সরকারি পশুচিকিৎসকের সনদ পাওয়ার পর নির্ধারিত কসাইখানায় এসব প্রাণী জবাই করা যাবে।
এছাড়া, প্রকাশ্য স্থানে জবাই নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ১ হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। সরকারের মে মাসের এই প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ দিতেও অস্বীকৃতি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্ট।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। সিপিআই(এম) নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন।
অন্যদিকে বিরোধী দল ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের বিরোধীদলীয় মুখ্য সচেতক ও নেতা আখরুজ্জামান বলেন, বিজেপির কোনো নেতা যেন গরুর মাংস রপ্তানির সঙ্গে জড়িত না থাকেন, তা মুখ্যমন্ত্রীর নিশ্চিত করা উচিত।
আপনার মন্তব্য