সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২১ ০৪:৫৯

ছোট আয়োজনে বড়দিন উদযাপন এবারও

বেথেলহেম থেকে ফ্রাঙ্কফুট ও লন্ডন থেকে বোস্টন পর্যন্ত আবারও বাড়ছে বৈশ্বিক মহামারি কভিডের সংক্রমণ। ভাইরাসটির নতুন ধরন অমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় দ্বিতীয় বছরের মতো কভিডজনিত বিধিনিষেধের মধ্যে বিশ্বজুড়ে পালিত হলো বড়দিন। উৎসব বাতিল কিংবা সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছিল গির্জাগুলো। পাশাপাশি এ উৎসবে ভ্রমণ পরিকল্পনা ও পারিবারিক জমায়েতেও বাধার সৃষ্টি করেছে মহামারিটি।

শনিবার (২৫ ডিসেম্বর) বেথেলহেমে ড্রামার ও বাদ্যবাজকদের ছোট একটি দল পদযাত্রা করেছিল। যদিও মহামারির আগে বিপুল পরিমাণ মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করত। ইসরায়েলের নতুন ভ্রমণ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক পর্যটকরা শহরটিতে প্রবেশ করতে পারেনি।

জার্মানির কোলনের ক্যাথেড্রালের চারপাশে বিপুল মানুষের সমাগম হয়েছিল। সাধারণভাবে এটি বড়দিন উদযাপনে মধ্যরাতের জমায়েত মনে হলেও প্রকৃতপক্ষে তারা টিকা নেয়ার জন্য জড়ো হয়েছিল। ক্যাথেড্রালের প্রভোস্ট গুইডো আসবান বলেন, বড়দিন আয়োজনের অংশ হিসেবেই এ টিকাদানের ব্যবস্থা করা হয়েছিল। মহামারিতে এটিই আমাদের উৎসবে পরিণত হয়েছে।

বড়দিন উদযাপনে অমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে পড়া নিউ ইয়র্ক সিটিতেও দেখা গেছে ভিন্ন উদ্যোগ। লোকজন কভিড পরীক্ষার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। পুনরায় পরিবারের সঙ্গে মিলিত হতে আগাম সতর্কতা হিসেবে তারা কভিড পরীক্ষা করে।

কভিডজনিত নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্যেও গির্জায় নানা আয়োজন সংক্ষিপ্ত করা হয়। অনেক গির্জা বন্ধ করে দেয়ারও পরিকল্পনা করা হয়েছিল। পূর্ব লন্ডনের একটি গির্জার সহযোগী যাজক রেভ কিচ বলেন, আপনি অনুষ্ঠান বাতিল করতে পারেন। তবে বড়দিন বাতিল করতে পারবেন না। কারণ আপনি ভালোবাসা থামিয়ে দিতে পারবেন না।

বিশ্বের অন্যান্য অংশের মতো যুক্তরাষ্ট্রের অসংখ্য গির্জায় সরাসরি জমায়েত বাতিল করা হয়েছিল। এর মধ্যে ওয়াশিংটনের ক্যাথেড্রাল ও বোস্টনের ঐতিহাসিক ওল্ড সাউথ চার্চ অন্যতম। আবার অনেক গির্জা বাইরের খোলা জায়গায় কিংবা অনলাইনে উপাসনার আয়োজন করেছিল।

ইউরোপের সবচেয়ে কঠোর লকডাউনের মধ্যে থাকা সত্ত্বেও নেদারল্যান্ডসের লোকজন বড়দিনের ছুটি উপভোগের চেষ্টা করে। দেশটিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া বার, রেস্তোরাঁসহ সব দোকান বন্ধ ছিল।

ফ্রান্সে কেউ কেউ হাসপাতালে গিয়ে প্রিয়জনের সঙ্গে বড়দিন উদযাপন করেছে। কয়েক দিন ধরে ভূমধ্য সাগরীয় শহর মার্সেইয়ের হাসপাতালগুলোয় রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বড়দিনের এ উৎসবে হাসপাতালে ভর্তি থাকা প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে আসা মানুষের ভিড় লক্ষ করা গেছে। প্যারিসে চকোলেটের দোকান ও পরীক্ষা কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় ছিল। দেশটিতে প্রতিদিন রেকর্ডসংখ্যক কভিড সংক্রমণ শনাক্ত হচ্ছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে।

আপনার মন্তব্য

আলোচিত