সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২১ ১৫:০২

আফগানিস্তানে পুরুষ সঙ্গী ছাড়া নারীদের দূরপাল্লার ভ্রমণ নিষিদ্ধ

আফগানিস্তানে পুরুষ সঙ্গী না থাকলে দূরপাল্লার ভ্রমণ নারীদের জন্য নিষিদ্ধ করেছে তালেবান।

তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ভ্রমণে নিদেনপক্ষে কোনো ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় থাকতে হবে। সেসঙ্গে মাথা ওড়না দিয়ে ঢাকা না থাকা মহিলাদের গাড়িতে না-তোলার নির্দেশ দেওয়া হয়েছে। তালেবানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জারি করা ওই নির্দেশিকার নিন্দা জানিয়েছেন স্থানীয় অধিকার কর্মীরা।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক আকিফ মুহাজির বলেন, ‘৪৫ মাইলের বেশি (৭২ কিলোমিটার) ভ্রমণকারী নারীদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।’ যানবাহনে গান বাজানো বন্ধেও নির্দেশনা দেওয়া হয়।

সপ্তাহখানেক আগে মন্ত্রণালয় আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোকে নারী অভিনেতাদের নিয়ে নাটক ও সোপ অপেরা দেখানো বন্ধ করার নির্দেশ দিয়েছিল এবং নারী টিভি-সাংবাদিকদের উপস্থাপনার সময় মাথায় ওড়না পরার আহ্বান জানিয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত