সিলেটটুডে ডেস্ক:

০১ মার্চ, ২০২২ ১৯:১০

পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অবস্থান পরিবর্তন হবে না: ক্রেমলিন

পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ইউক্রেন বিষয়ে রাশিয়ার অবস্থানে কখনো পরিবর্তন আনতে পারবে না। মঙ্গলবার ক্রেমলিন এই কথা বলেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান অনলাইনে দেওয়া লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যদিও মস্কোর সঙ্গে কিয়েভের সরাসরি আলোচনা শুরু হয়েছে। কিন্তু দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আলোচনার কোনো পরিকল্পনা নেই।

এ ছাড়া বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রাশিয়া হামলা চালাচ্ছে এমন দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এমনকি বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা, ইউক্রেনে রাশিয়ান বাহিনী ক্লাস্টার এবং ভ্যাকিউম বোমা ব্যবহার করছে দাবিটিও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পেসকভ।

গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। যুদ্ধের ষষ্ঠ দিনে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী কী অবস্থানে আছে এই ব্যাপারে পেসকভের মূল্যায়ন জানতে চাওয়া হলে তিনি তা করতে অস্বীকৃতি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত