০৩ মার্চ, ২০২২ ২০:২৯
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’।
বুধবার একটি রকেট হামলার আঘাতে আগুন ধরে যায় জাহজটিতে। এ ঘটনায় নিহত হন জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার প্রকৌশলী হাদিসুর রহমান।
বাংলাদেশি জাহাজে রকেট হামলার ঘটনায় ইউক্রেনকে দুষছে রাশিয়া। এছাড়াও নিহত ওই প্রকৌশলীর স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত রাশিয়া দূতাবাসের ফেসবুক পেজ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের জাতীয়তাবাদীরা পিছু হটার সময় লোকজনকে জিম্মি ও মানবঢাল হিসেবে ব্যবহার করেছে।
রাশিয়া দূতাবাসের বার্তায় বলা হয়েছে, অলভিয়া বন্দরের অভ্যন্তরীণ নোঙ্গর ঘরে অবস্থানরত বিএসসি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী বাংলাদেশি হাদিসুর রহমান মিসাইল হামলার ফলে নিহত হয়েছেন। ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়া সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
রাশিয়া দূতাবাসের বার্তায় আরও জানানো হয়েছে, তথ্য-উপাত্তের ভিত্তিতে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ড বারবার বলেছে, পিছু হটার সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা নির্বিচারে গুলি চালায় এবং ইচ্ছাকৃতভাবে জিম্মিদের ধরে নিয়ে যায়। ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা তাদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করে। এটি তাদের সন্ত্রাসী কৌশল।
রাশিয়া দূতাবাস জানিয়েছে, ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধান, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধ গ্রহণ করতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন (+৭ ৪৯৫ ৪৯৮-৩৪-৪৬, +৭ ৪৯৫ ৪৯৮-৪২ -১১, +৭ ৪৯৫ ৪৯৮-৪১-০৯) চালু করেছে। এছাড়া এসব বিষয় নিয়ে ই-মেইলেও (gumvs@mil.ru) যোগাযোগ করা যাবে।
আপনার মন্তব্য