০৪ মার্চ, ২০২২ ১৭:২৯
পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে জুমার সময় আত্মঘাতী বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
পেশোয়ারের কোচা রিসালদার মসজিদের ভেতরে এ বিস্ফোরণ হয় বলে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রদেশটির লেডি রিডিং হাসপাতালে আহতদের নেয়া হয়েছে। হাসপাতালটির মিডিয়া ম্যানেজার অসীম খান জানান, এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) পেশোয়ার ইজাজ আহসান একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই হামলাকারী নগরীর কিসা খোয়ানি বাজারের মসজিদটিতে প্রবেশের চেষ্টা করেন। এসময় পাহারায় থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালান তারা। এসময় এক পুলিশ সদস্য নিহত ও অপরজন আহত হন।
এই হামলার পরই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তা ওয়াহেদ খান জানান, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা কোচা রিসালদার মসজিদে জড়ো হচ্ছিলেন। ঠিক এই সময় বিস্ফোরণ ঘটে।
শায়ান হায়দার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করছিলাম। ঠিক এই সময় বিস্ফোরণ হয়। আমি ছিটকে মসজিদের সামনের রাস্তায় গিয়ে পড়ি। চোখ খুলে দেখি আমার চারপাশে লাশ আর লাশ।’
এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। পুলিশ কর্মকর্তা ইজাজ আহসান একজন জানান, তদন্ত শুরু হয়েছে।
তবে বিস্ফোরণের কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।
আপনার মন্তব্য