০৫ মার্চ, ২০২২ ১২:৪৯
পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৯৪ জন আহত হয়েছেন। স্থানীয় লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মো. আসিম বলেন, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া নয়জনের মরদেহ বেশি পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না।
এদিকে পেশোয়ারের মসজিদটিতে প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। নিজস্ব প্রোপাগান্ডা সাইটে তারা বলেছে, আজ পেশোয়ারের একটি শিয়া মসজিদে আইএস সফল হামলা চালিয়েছে।
গতকাল শুক্রবার (৪ মার্চ) দুপুরে পেশোয়ারের পুরনো শহরের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটে।
জানা গেছে, নিরাপত্তার জন্য ওই মসজিদে দুই পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছিল। সেখানে দুজন বন্দুকধারী উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একজন পুলিশ নিহত হন। অপরজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
খাইবার পাখতুনখাওয়া পুলিশের ইন্সপেক্টর-জেনারেল (আইজি) মোয়াজ্জাম জাহ আনসারি সাংবাদিকদের জানিয়েছেন, হামলায় পুলিশের এক সদস্য নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।
তিনি বলেন, সন্ত্রাসী একা ছিল ও পায়ে হেঁটেই মসজিদে গিয়েছিল। সে প্রথমে মসজিদের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন আহত হন। পুলিশের ওপর হামলার পরেই আক্রমণকারী মসজিদের ভেতরে দৌড়ে যায় ও বিস্ফোরণ ঘটায়।
আইজি বলেন, ওই সন্ত্রাসী মুসল্লিদের ওপর প্রথমে গুলি চালায় ও পরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে পাঁচ থেকে ছয় কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। তবে এ ঘটনায় কোন গোষ্ঠীর হাত রয়েছে, তা উল্লেখ করেননি তিনি।
আপনার মন্তব্য