৩১ অক্টোবর, ২০২২ ১৫:২৪
দেশে রেলওয়ে চালুর ১৭৫ বছর পূর্তি উপলক্ষে বিচিত্র এক কীর্তি গড়েছে সুইজারল্যান্ড। দিবসটি উপলক্ষে গত শনিবার প্রায় দুই কিলোমিটার লম্বা এক যাত্রীবাহী ট্রেন চালিয়েছে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ। এই ট্রেনকে বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী ট্রেন হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এক হাজার ৯০৬ মিটার লম্বা এই ট্রেনে বগির সংখ্যা ছিল ১০০।
ইউনেসকোঘোষিত বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া পূর্ব সুইজারল্যান্ডের প্রেডা থেকে আলভেনিউ পর্যন্ত ২৫ কিলোমিটার রেলপথ পাড়ি দিতে এই ট্রেনের লেগেছে প্রায় এক ঘণ্টা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রেডা ও আলভেনিউর উচ্চতা যথাক্রমে এক হাজার ৭৮৮ মিটার ও এক হাজার মিটার।
প্রেডা থেকে আলভেনিউ পর্যন্ত পুরো রেলপথই খুব অসমতল, বিশেষ করে পুরো লাইনটি ন্যারো গেজ হওয়ায় এই ট্রেনের যাত্রা সংশ্লিষ্ট সবাইকে অবাক করেছে। ২২টি টানেল ও গভীর উপত্যকার ওপর দিয়ে ৪৮টি সেতু পার হওয়াও ছিল খুব সমীহ জাগানো কাজ।
মোট সাতজন চালক ও ২১ জন প্রকৌশলী এই ট্রেন চালানোয় যুক্ত ছিলেন। প্রথম পরীক্ষায় ট্রেন থামানোর জন্য মূল চালক আন্দ্রেস ক্রামের (৪৬) অন্য চালকদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন।
পরে বিশেষ যোগাযোগব্যবস্থা চালু করে একই গতিতে ট্রেনটি পরিচালনায় সক্ষম হন চালকরা। এর আগে সবচেয়ে লম্বা যাত্রীবাহী ট্রেনের রেকর্ড ছিল বেলজিয়ামের দখলে।
আপনার মন্তব্য