সিলেটটুডে ডেস্ক

০৪ এপ্রিল, ২০২৩ ২২:৪৭

বিচারক ‘পক্ষপাতদুষ্ট’, তার পরিবারকে ‘বিদ্বেষী’ বললেন ডোনাল্ড ট্রাম্প

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে বিচারের মুখে থাকা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতকে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ওই আদালতের বিচারককে পক্ষপাতদুষ্ট ও তার পরিবারকে ট্রাম্পবিদ্বেষী হিসেবে মন্তব্য করেছেন।

মঙ্গলবার আদালতে হাজিরা দেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বার্তায় এমন মন্তব্য করেন। খবর বিবিসির।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি বার্তা পোস্ট করেন। এ বার্তায় তিনি এই মামলার বিচার কার্যক্রম পরিচালনার জন্য নিউইয়র্কের ম্যানহাটন আদালতের অবস্থানকে অত্যন্ত অনুপযুক্ত বলে মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, ওই অঞ্চলে রিপাবলিকান ভোটারের সংখ্যা মাত্র এক শতাংশ।

এছাড়া, আদালতের বিচারক জুয়ান মার্চানকে 'অত্যন্ত পক্ষপাতদুষ্ট' উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তার পরিবারও 'ট্রাম্প বিদ্বেষী' হিসেবে সুপরিচিত।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র মার্ক্সবাদী তৃতীয় বিশ্বের দেশ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন। 'গ্রেপ্তারের আগে এটি আমার শেষ ই-মেইল' শিরোনামে একটি ই-মেইল ট্রাম্পের মেইলিং তালিকায় এসেছে। যেখানে তহবিল সংগ্রহের একটি লিঙ্ক যুক্ত করে মার্কিন জনগণের উদ্দেশে তিনি বলেন, আমেরিকাকে বাঁচাতে এগিয়ে আসুন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ম্যানহাটনের আদালতে হাজিরা দেবেন তিনি।

সাবেক কোনও মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলে এটাই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম। ৭৬ বছর বয়সী ট্রাম্পই প্রথম যিনি ফৌজদারি অপরাধের অভিযোগে আদালতের মুখোমুখি হচ্ছেন। ধারণা করা হচ্ছিল ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের শুনানি সম্প্রচার করা হবে। কিন্তু তা নাকচ করে দিয়েছেন বিচারক।

নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ এ পর্যন্ত অস্বীকার করে আসছেন ট্রাম্প। সোমবার আবারও একই কথা বলেন রিপাবলিকান পার্টির এই নেতা।

২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়াইয়ের ঘোষণা দিয়েন তিনি। নির্বাচন আসার আগেই ফৌজদারি অপরাধের মুখোমুখি। পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাইডেন প্রশাসন।

আপনার মন্তব্য

আলোচিত