সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০২৩ ০৩:১৮

ফ্রান্সে ভবন ধসের পর আগুন, আহত অন্তত ৬

ফ্রান্সের মার্সেই শহরের একটি চারতলা ভবন ধসে পড়ার পর অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় অন্তত ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। কিন্তু ভবনটিতে আগুন জ্বলতে থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১২টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে বিকট শব্দ হয় এবং ভবনটি ধসে পড়ে। বিস্ফোরণে সবকিছু কেঁপে উঠে। এ সময় লোকজন দৌড়াতে শুরু করে এবং সর্বত্র ধোঁয়ায় ঢেকে যায়।

মার্সেইয়ের মেয়র বেনো পায়ান দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, “আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। ফায়ার ফাইটাররা চেষ্টা করে যাচ্ছেন। সম্ভবত ভবনটির ভেতর জীবিত মানুষ রয়েছেন।”

এদিকে অগ্নিনির্বাপক কর্মীরা আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। ভবনের আগুন এতটাই উত্তাপ ছিল যে সেখানে উদ্ধারকারী কুকুরও যেতে পারছিল না। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৮০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ এখনও বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে পারেনি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, ধ্বংসস্তূপের নিচে চার থেকে ১০ জন লোক আটকা রয়েছে বলে কর্তৃপক্ষ অনুমান করছে।

মার্সেই মেরিন ফায়ার ফাইটার্স কমান্ডার লিওনেল ম্যাথিও বলেছেন, আমরা উদ্ধার অভিযান ত্বরান্বিত করার চেষ্টা করছি, কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আগুনের উত্তাপের কারণে কাজ করতে পারছে না উদ্ধারকারী কুকুর।

ওই ভবন ধসে পার্শ্ববর্তী ভবনগুলোতে ৩৩ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, ধসে পড়া ভবনে কতজন লোক ছিল তা এখনও স্পষ্ট নয়।

আপনার মন্তব্য

আলোচিত