১১ জানুয়ারি, ২০১৬ ১৫:৪৩
জাতিসংঘের ত্রাণবাহী একটি বহর সিরিয়ার সরকারি বাহিনীর অবরোধের মধ্যে থাকা বিদ্রোহী অধিকৃত শহর মাদায়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে।
রোববার রাতে বিবিসি জানিয়েছে, শহরটির বাসিন্দারা অনাহারে মারা যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
ত্রাণবহরটি রোববারই মাদায়ায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তের জটিলতায় এটির যাত্রা বিঘ্নিত হয়।
লেবানন সীমান্তের কাছের সিরীয় শহর মাদায়ায় ৪০ হাজার বাসিন্দা রয়েছেন। সরকারি বাহিনীর কঠোর অবরোধের কারণে রসদ ফুরিয়ে যাওয়ায় শহরটির বাসিন্দারা কুকুর-বিড়ালের মতো গৃহপালিত প্রাণী ও ঘাস খেয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র মেলিসা ফ্লেমিং বিবিসিকে বলেন, “আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। আমাদের মানবিক ত্রাণবাহী বহরটি আগামীকাল (সোমবার) সকালে রওনা হবে বলে এই মাত্র খবর পেলাম।”
কী কারণে ত্রাণবহরটির যাত্রা করতে বিলম্ব হয়েছে তা জানা যায়নি। তবে বৈরুত থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে অবরুদ্ধ এলাকার একপাশ থেকে অপরপাশে প্রবেশ করা সমসময়ই একটি কঠিন কাজ। এক্ষেত্রে যুদ্ধরত দুইপক্ষের শীর্ষ রাজনৈতিক ক্ষেত্রের মধ্যে সমঝোতা দরকার হয়। পাশাপাশি ঘটনাস্থলে লড়াইরত বাহিনীরগুলোর যোদ্ধাদের মধ্যেও সমঝোতা প্রতিষ্ঠার প্রয়োজন হয়।
মাদায়া ছাড়াও দেশটির উত্তরের সরকারি বাহিনী অধিকৃত আরো দুটি গ্রাম, কেফ্রায়া ও ফোয়াহ-তেও একই ধরনের ত্রাণবহর পাঠানো নিয়ে আলোচনা চলছে।
সিরিয়ার গৃহযুদ্ধে অবরোধ একটি নিয়মিত ঘটনা হলেও মায়াদার মারাত্মক মানবিক পরিস্থিতি বিশ্ববাসীর মনযোগ আকর্ষণ করেছে। বিশেষ করে শহরটির দুর্ভিক্ষপীড়িত কঙ্কালসার দেহের বেশ কয়েকজন বাসিন্দার ছবি প্রকাশের পর এটি সম্ভব হয়েছে।
আপনার মন্তব্য