১৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৯
ইরানের নিরাপত্তা বাহিনী আবারও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে আটক করেছে।
তার ফাউন্ডেশনের বরাতে জানা গেছে, ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মীকে পূর্ব ইরানের মাশহাদ শহরে সহকর্মীদের সঙ্গে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য প্রকাশ করে।
এ ঘটনার প্রতিক্রিয়ায় নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, নার্গিস মোহাম্মদীর এই ‘সহিংস ও অন্যায্য গ্রেপ্তার’ তাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
তারা ইরানি কর্তৃপক্ষের কাছে দ্রুত তার অবস্থান প্রকাশ, নিরাপত্তা নিশ্চিত এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।
ইরানে নারী নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নার্গিস মোহাম্মদী নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এর আগে ২০২১ সাল থেকে তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি ছিলেন।
গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে মাত্র তিন সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেওয়া হয় চিকিৎসার উদ্দেশ্যে।
সম্প্রতি তার সর্বশেষ গ্রেপ্তারের তথ্য সামনে আসে, যখন তিনি গত সপ্তাহে নিজ কার্যালয়ে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া আইনজীবী খোসরো আলিকর্দির স্মরণসভায় অংশ নিতে যান।
ওই মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’। সংস্থাটির মতে, ঘটনাটি ঘিরে একাধিক সন্দেহজনক দিক রয়েছে।
এ সময় মোহাম্মদীর সঙ্গে আরও কয়েকজন অধিকারকর্মীকেও আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তারা ‘স্বৈরশাসকের পতন হোক’ এবং ‘ইরান দীর্ঘজীবী হোক’—এমন নানা প্রতিবাদী স্লোগান দিচ্ছিলেন।
আপনার মন্তব্য