সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০১৬ ১৪:১৮

নিজামীকে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানাতে চায় পাকিস্তান

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর পক্ষ নিয়ে হত্যা, গণহত্যা সংগঠিত করার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া মতিউর রহমান নিজামীকে এবার  দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নিশান-ই-পাকিস্তান’-এ ভূষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাকিস্তানের  পাঞ্জাব প্রদেশের পার্লামেন্ট  মঙ্গলবার (২৪ মে)  মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা ও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া বাংলাদেশের জামায়াত নেতাদের ‘নিশান-ই-পাকিস্তান’ সম্মাননা দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছে।

পাকিস্তানের গণমাধ্যমগুলোর অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে সূত্রে জানা যায়, পাঞ্জাবের পার্লামেন্ট গতকাল দুটি প্রস্তাব গ্রহণ করেছে। এর একটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, অন্যটি বাংলাদেশের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তাব হল পাকিস্তানে লুকিয়ে থাকা আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা মোহাম্মদ মনসুরকে যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ড্রোন হামলা চালিয়ে হত্যা করায় দেশটি ক্ষুব্ধ।  জঙ্গি নেতাকে আশ্রয় দেয়া নিয়ে কোন কথা না বললেও  পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার নিন্দা জানানো হয়। ওই প্রস্তাবটি উত্থাপন করেন ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্য ও পাঞ্জাব পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা মিয়া মেহমুদ-উর-রশিদ।

অন্যদিকে বাংলাদেশ নিয়ে প্রস্তাবটি উত্থাপন করেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সদস্য আলাউদ্দিন শেখ। একাত্তরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করায় ক্ষুব্ধ ওই নেতা দাবি করেন, পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় জামায়াতে ইসলামীর ওই নেতাদের এমন পরিণতি হচ্ছে। তাই ‘নিশান-ই-পাকিস্তান’ সম্মাননায় ভূষিত করে তাঁদের প্রতি পাকিস্তানিদের শ্রদ্ধা জানাতে হবে।

এদিকে লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে গত সোমবার ‘ইসলামিক আইনজীবী ফোরাম’-এর এক অনুষ্ঠানে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী খাজা সাদ রফিক বলেন, বাংলাদেশের জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কেবল দলীয় বিষয়ই নয়, জাতীয় মর্যাদা ও সম্মানেরও বিষয়। এ ইস্যুকে সরকার আন্তর্জাতিক পর্যায়ে তুলবে বলে তিনি আশ্বাস দেন।

খাজা সাদ রফিক বলেন, পাকিস্তানের জন্য ‘আত্মত্যাগকারী’ ওই ব্যক্তিদের তাঁরা ভুলে যাবেন না। তাঁর দাবি, পাকিস্তানকে ‘ভালোবাসা’র অপরাধেই নিজামীদের শাস্তি হচ্ছে।


সব যুদ্ধাপরাধীদের শাস্তির বেলাতেই পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে। গত ৫ মে যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর মানবতা বিরোধী অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত