সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ মার্চ, ২০১৮ ২০:৪২

পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সিআইএ পরিচালক মাইক পম্পেও। মঙ্গলবার (১৩ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পরিচালনার দায়িত্ব দিয়েছেন গিনা হ্যাসপেলকে। তিনিই সিআইএ'র প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন।

এক টুইটে ট্রাম্প লিখেছেন, ‘সিআইএ ডিরেক্টর মাইক পম্পেও আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন। তিনি চমৎকার কাজ করবেন। রেক্স টিলারসন যে কাজ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ। গিনা হ্যাসপেল হবেন সিআইএর নতুন ডিরেক্টর এবং এই পদে তিনিই হচ্ছেন প্রথম নারী। সবাইকে অভিনন্দন।’

মার্কিন শীর্ষ তেল কোম্পানি এক্সন মবিলের সাবেক চেয়ারম্যান এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেক্স টিলারসনকে মাত্র এক বছর আগেই এই পদে নিয়োগ দেয়া হয়েছিল।

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই ঘোষণার সময় বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে ভবিষ্যৎ সংলাপ ও অন্যান্য বাণিজ্যিক বিষয়ে দরকষাকষির পূর্বে একটি নতুন অগ্রগামী দল তৈরির বিষয়টি নিশ্চিত করতে চান প্রেসিডেন্ট।

খবর : বিবিসি।

আপনার মন্তব্য

আলোচিত