১২ অক্টোবর, ২০২৬ ২২:২৭
ছবি: সংগৃহীত
অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই গবেষক রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় ক্ষুদ্র অর্থনীতির ভিত্তি নিয়ে গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দেয়। খবর রয়টার্স।
আনুষ্ঠানিকভাবে ‘দ্য সেরিগেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’ নামে পরিচিত এ পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান।
এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার সর্বশেষ আয়োজন অর্থনীতির পুরস্কার। ১৯৬৯ সালে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হয়। তবে এটি আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে নির্ধারিত মূল পাঁচটি পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এ পুরস্কার চালু করে।
অর্থনীতিতে নোবেলজয়ীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। এ পর্যন্ত মাত্র তিনজন নারী এ পুরস্কার পেয়েছেন। সর্বশেষ ২০২৩ সালে পুরস্কার পান ক্লডিয়া গোল্ডিন। যুক্তরাষ্ট্রে সময়ের সঙ্গে মজুরি ও কর্মসংস্থানে লিঙ্গের প্রভাব নিয়ে গবেষণার জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্ল্যারিভেটের আওতাধীন ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক ইনফরমেশন এ বছর সম্ভাব্য নোবেলজয়ী হিসেবে মুদ্রানীতি, তথ্যপ্রযুক্তির অর্থনীতি এবং বিবর্তনভিত্তিক অর্থনৈতিক তত্ত্ব নিয়ে কাজ করা গবেষকদের নাম পূর্বাভাস দিয়েছিল।
গত বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পান জোয়েল মোকির, ফিলিপ আগিয়ঁ ও পিটার হাউইট। ‘সৃজনশীল ধ্বংস’ ধারণা এবং নতুন প্রযুক্তি ও উৎপাদনপদ্ধতি কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনযাত্রার মান বাড়াতে পারে, সে বিষয়ে গবেষণার জন্য তাঁদের পুরস্কৃত করা হয়।
এদিকে গত সপ্তাহে শুক্রবার (৯ অক্টোবর) শান্তিতে নোবেল পুরষ্কারে ভূষিত হন ৮৫ বছর বয়সী নাভি পিল্লাই। এছাড়াও রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই।
আপনার মন্তব্য