১৭ মার্চ, ২০১৮ ২৩:৩৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে কলকাতায়।
শনিবার (১৭ মার্চ) বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সকালে বেকার গভর্নমেন্ট হোস্টেলে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানমালার। উপ-হাইকমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে মিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপ-হাইকমিশনের কর্মকর্তা ছাড়াও শ্রদ্ধা জানান, কলকাতায় বাংলাদেশ বিমান, কলকাতাস্থ সোনালী ব্যাংক লিমিটেডেরে কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন সংগঠন।
তাছাড়া বিকেলে বাংলাদেশের শিশু দিবস উপলক্ষে উপ-হাইকমিশনের আর্ট গ্যালারিতে শিশু-কিশোরদের জন্য ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এর ওপর চিত্রাঙ্কন এবং বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে শিশু-কিশোরদের অংশগ্রহণে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কলকাতার বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
উপ-হাইকমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর প্রায় ৩০০টি আলোকচিত্র প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়। সবশেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত তৎকালীন ইসলামিয়া কলেজে ভর্তি হন। বর্তমানে তা মৌলানা আজাদ কলেজ নামে পরিচিত।
ওই সময় শেখ মুজিব ‘বেকার গভর্নমেন্ট হোস্টেল’র ২৪ নম্বর কক্ষে আবাসিক ছাত্র হিসেবে থাকতেন। এখনও তার ব্যবহৃত আসবাবপত্র সেখানে রাখা আছে। ২০১১ সালে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এই ঘরে তার আবক্ষ মূর্তি স্থাপন করা হয়।
আপনার মন্তব্য