০৬ এপ্রিল, ২০১৮ ০৩:২০
কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনকে জামিনে মুক্তি দেয়ার আদেশ দিয়েছে জার্মান আদালত।
গত মাসের শেষের দিকে ডেনমার্ক থেকে সীমান্ত পাড়ি দেয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে স্পেনে তার বিরুদ্ধে হুলিয়া জারি রয়েছে।
তবে জার্মান আদালত তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ খারিজ করে দিয়েছে। আদালত জানায়, দুর্নীতির অভিযোগে এখনো স্পেনের আদালতে তাকে সম্মুখীন হতে হবে। তবে এই আদেশের মাধ্যমে তাকে শুধু স্পেনের কাছে হস্তান্তরে অস্বীকৃতি জানানো হয়েছে।
গত বছরের অক্টোবর থেকে বেলজিয়ামে স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন পুজদেমন। কাতালোনিয়ার স্বাধীনতার দাবি স্পেনের কর্তৃপক্ষ বাতিল করার পর থেকেই মন্ত্রীসভার বিভিন্ন সদস্য কেন্দ্রীয় সরকারের রোষানলে পড়েন। তাদের বিরুদ্ধে আনা হয় রাষ্ট্রদ্রোহিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ। পুজদেমনের বিরুদ্ধে ইউরোপ জুড়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
অবশ্য স্বাধীনতার আন্দোলনের নেতৃত্বে থাকা পুজদেমনসহ নেতারা আসন্ন নির্বাচন বয়কটের ঘোষণার পর থেকেই কাতালোনিয়ায় উত্তেজনা আবার চরমে ওঠে।
জার্মানিতে পুজদেমনের গ্রেপ্তারের ঘটনায়ও ব্যাপক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তার সমর্থকরা। বার্সেলোনায় ৫০ হাজারেরও বেশি মানুষ রাস্তায় নেমে আসে। সেইসাথে জার্মান দূতাবাসের সামনে অবস্থান নেয়। বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে একশ জনকে আহতও হয়। আটক করা হয় কয়েকজনকে।
আপনার মন্তব্য