২৮ জুলাই, ২০১৯ ১৩:১৩
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া কিংবা তাদের আলাদা রাষ্ট্র গঠনের সুযোগ দেওয়া।
তিনি বলেন, মালয়েশিয়া কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না তবে মিয়ানমারে এই গণহত্যায় তারা চুপ থাকতে পারেন না।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাতকারে মাহাথির মোহাম্মদ বলেন, মিয়ানমার অনেকগুলো রাজ্যের সমন্বয়ে গঠিত হয়েছে। ব্রিটিশরা চেয়েছিলো একসঙ্গে শাসন করতে। সেজন্যই অনেককে এক করে বার্মা রাষ্ট্র গঠন করা হয়।
তিনি আরও বলেন, তবে এখন তাদের নাগরিকত্ব দেওয়া উচিত নয়তো আলাদা রাষ্ট্র গঠনের সুযোগ দেওয়া উচিত।
২০১৭ সালের আগস্টে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৭ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বড় অংশটি বাংলাদেশে পালিয়ে এলেও জাতিসংঘের হিসাবে চার লাখেরও বেশি মানুষ এখনও মিয়ানমারে রয়ে গেছে। জাতিসংঘ দেশটিতে রোহিঙ্গাবিরোধী সামরিক অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসেবে আখ্যায়িত করেছে।
চীনে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন নিয়ে মাহাথির বলেন, মালয়েশিয়া সবসময়ই আলোচনা ও আইনের মাধ্যমে সমস্যার সমাধান চেয়ে এসেছে। আমাদের চীনকে বলা উচিত যে তারা আপনাদের নাগরিক। ধর্ম আলাদা হওয়ার কারণে আচরণ আলাদা করবেন না।
মাহাথির বলেন, যখন আপনি সহিংসতার আশ্রয় নিবেন, তখন সবকিছু অনেক কঠিন হয়ে যাবে। কারণ সহিংসতার মাধ্যমে কোনো কিছু অর্জনের নজির অনেক কম।
আপনার মন্তব্য