আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট, ২০১৯ ১৩:১৯

স্পেনে হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষে নিহত ৭

স্পেনের মাঝ আকাশে একটি ছোট উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষে দুই শিশুসহ ৭জন নিহত হয়েছেন।

রোববার (২৬ আগস্ট) স্পেনের মাল্লোরকা দ্বীপে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর উড়োজাহাজ ও হেলিপক্টারটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আকাশে উড়োজাহাজটির সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

পুলিশের এক মুখপাত্র জানান, ছোট উড়োজাহাজটিতে দুইজন ও হেলিকপ্টারে পাঁচজন আরোহী ছিলেন। সংঘর্ষে উড়োজাহাজ ও হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছে।

তিনি জানান, হেলিকপ্টারে এক দম্পতি ও তাদের দুই সন্তান এবং পাইলট ছিলেন। হেলিকপ্টারটি জার্মানিতে নিবন্ধিত। তবে যাত্রীরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

মাল্লোরকাসহ আশপাশের দ্বীপগুলো স্পেন ও বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় স্থান। বিশেষ করে গ্রীষ্মকালে প্রচুর পর্যটক এই এলাকায় ঘুরতে যান।

আপনার মন্তব্য

আলোচিত