২৭ নভেম্বর, ২০১৯ ২৩:১৮
সাইরান আতিস
জার্মানিতে নারীদের অধিকার, ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলার জন্য আলোচিত আইনজীবী, লেখক সাইরান আতিস। তুর্কি বংশোদ্ভূত এই জার্মান নারী প্রশিক্ষণ নিয়ে বার্লিনের ইবনে রুশদ-গ্যোটে মসজিদে ইমামের দায়িত্বও পালন করছেন। ইসলামি পদার্থবিদ ও দার্শনিক ইবনে রুশদ এবং জার্মান কবি ও দার্শনিক ইয়হাস র নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে। খবর ডয়চে ভেলের।
২০১৭ সালে এটি প্রতিষ্ঠা করেন আতিস নিজেই। তবে প্রচলিত মসজিদগুলোর মতো নয় এটি। সেখানে যে-কোনো মানুষেরই প্রবেশাধিকার রয়েছে। নারী-পুরুষ একসঙ্গেই প্রার্থনায় অংশ নিতে পারে।
এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, কোনো নারীকে সেখানে মুখ ঢেকে প্রবেশ করতে হয় না। আতিস ২০১৭ সালে জার্মানির স্পিগেল পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমাদের মসজিদে কাউকে নিকাব বা বোরকা পরে আসতে হবে না।’’
আতিসের এই সামাজিক আন্দোলনের জন্য তাকে সম্মাননা জানালো বার্লিনের বিখ্যাত সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান উরানিয়া। ২৬ নভেম্বর সন্ধ্যায় এক আয়োজনের মধ্য দিয়ে তার হাতে পদকটি তুলে দেয়া হয়।
১৩০ বছরের পুরোনো প্রতিষ্ঠানটি বিজ্ঞান নিয়ে মানুষের মধ্যে আলোচনার ক্ষেত্র তৈরিতে ভূমিকা রেখে আসছে। বিভিন্ন বিষয় নিয়ে সেখানে বক্তৃতা, কনসার্ট বা প্রদর্শনীর আয়োজন করা হয়। তাদের বক্তাদের তালিকায় রয়েছেন আলবার্ট আইনস্টাইন, টোমাস মান, আঙ্গেলা ম্যার্কেল, সিমন রাটলের মতো বিখ্যাতরা।
এবারের উরানিয়া পদক পাওয়া সাইমন আতিস ১৯৬৩ সালে তুরস্কের ইস্তাম্বুলে জন্ম নেন। চার বছর বয়স থেকেই তিনি জার্মানিতে বসবাস করছেন। ইসলামে মুক্ত চিন্তার লড়াই, নারীদের সমান অধিকার, উদার মসজিদ প্রতিষ্ঠার জন্য এরইমধ্যে আলোচিত হয়ে উঠেছেন তিনি। নিজ সম্প্রদায়ের অনেকের সমর্থন যেমন পাচ্ছেন, তেমনি আবার পাচ্ছেন হুমকিও। যে কারণে তাকে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তায় থাকতে হয়।
আপনার মন্তব্য