সিলেটটুডে ডেস্ক

১২ অক্টোবর, ২০১৫ ১৪:৩৭

সাংসদ লিটনের আগাম জামিন হয়নি, আত্মসমর্পণের জন্য ১৮ অক্টোবর পর্যন্ত সময়

মাতাল অবস্থায় এলোপাথাড়ি গুলি চালিয়ে শিশু সৌরভের দুই পায়ে গুলি করার মামলায় অভিযুক্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিনের আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিশু সৌরভের দুই পায়ে গুলি করার মামলায় লিটনের করা আগাম জামিনের আবেদনের শুনানি শেষে সোমবার (১২ অক্টোবর) এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ।

এর আগে দুপুর একটায় আদালতে হাজির করতে তার আইনজীবীকে হাইকোর্টের আদেশ থাকায় এর দশ মিনিট আগেই হাজির হন এমপি লিটন।

এমপি লিটনের উপস্থিতিতে আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি হয়। শুনানি করেন এমপি লিটনের আইনজীবী মোখছেদুল ইসলাম।


গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)। শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
 
পরদিন আহত শিশু সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত