সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৫ ১৮:১৬

সিপিজে’র অগৌরবের তালিকায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর বৈশ্বিক দায়মুক্তি সূচকে সাংবাদিক হত্যার বিচার না হওয়ার ভিত্তিতে সূচকে ১৪টি দেশের নাম আছে যার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২তম।

২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সাত মাসের মধ্যে বাংলাদেশে যে চার জন ব্লগারকে হত্যা করা হয় তার সূত্র ধরে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা সিপিজে’র অগৌরবের এ তালিকায় বাংলাদেশ স্থান পেয়েছে।

২০০৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার তথ্য নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে।

সিপিজে’র এশিয়ার সহকারি গবেষক সুমিট গালহোত্রা ভয়েস অব আমেরিকাকে বলেছেন, ২০১১ সালে প্রথমবার বৈশ্বিক দায়মুক্তি সূচকে বাংলাদেশের নাম উঠে। বাংলাদেশে সাংবাদিক ও ব্লগার হত্যায় সুষ্ঠু বিচার না হওয়ায় খুনীরা বার বার পার পেয়ে যাচ্ছে।

ব্লগার হত্যার বিচার সঠিকভাবে হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাগিদের কথাও উল্লেখ করা হয়েছে সিপিজে’র প্রতিবেদনে।

প্রতিবেদনে উল্লেখ আছে, ব্লগার হত্যার পেছনে ইসলামি জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের হাত রয়েছে। পুলিশ বেশ কয়েকজন জঙ্গিকে আটক করলেও কোন কূল কিনারা করতে পারেনি।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপ-পরিচালক ফিল রবার্টসন ভিওএ-কে বলেছেন, বাংলাদেশে ব্লগার হত্যার ঘটনায় দোষীদের আইনের হাতে আনতে পারেছে না সরকার। চ্যানেল আই অনলাইন।

আপনার মন্তব্য

আলোচিত