সিলেটটুডে ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৫ ১০:২৮

হোসেনি দালানের ৪০০ বছরের ইতিহাসে প্রথম বোমা বিস্ফোরণ

হোসেনি দালানের ৪০০ বছরের ইতিহাসে বোমা বিস্ফোরণের মত ন্যক্কারজনক ঘটনা এই প্রথম ঘটল। তবু এতে দমে না গিয়ে নির্ধারিত সময়েই তাজিয়া মিছিল করার কথা জানিয়েছেন আয়োজকরা।

তাজিয়ার দ্বিতীয় মিছিলটি নির্ধারিত সময়ে বের হবে বলে নিশ্চিত করেন হোসেনি দালান কমিটির সভাপতি ফিরোজ হোসেন।

তিনি বলেন,  ‘আমাদের দু’টি মিছিল বের হয়। প্রথমটা রাত ২টায়। সেটাতেই এ ঘটনা ঘটেছে। আরেকটা সকাল ১০টায় বের হয়। এবার সেটাকে সাড়ে ১০টায় করা হয়েছে। নিধারিত সময়েই তাজিয়া মিছিল বের হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ঐতিহ্যের ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটলো। ঘটনায় আমার স্তব্ধ, শোকাহত, বিস্মিত।’

শুক্রবার দিবাগত রাত ২টায় (শনিবার ভোর) পুরান ঢাকায় শিয়াদের সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। আহতদের মধ্যে  সাজ্জাদ হোসেন সানজু নামে ন১০/১২ বছরের এক ছেলে নিহত হন। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে।

ঘটনাস্থল আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছিল। সকাল ৯টার পর হোসনি দালানের মূল ফটক খুলে দেয়া হয়।

ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শেষ করেছে। ডিএমপির আইটি বিভাগের কর্মকর্তারাও আছেন।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তার কাছে জানা গেছে, ঘটনাস্থল পুরোটাই সিসি টিভির আওতায় ছিল। ঘটনাটাস্থলেও আলোক স্বল্পতা ছিল না। তাই তারা আশা করছেন, ঘটনায় জড়িতদের শিগগিরই সনাক্ত করা যাবে।  

তিনি আরো জানান, ঘটনাস্থলে ৫টি বোমা নিক্ষেপ করা হয়েছিল। এরমধ্যে ৩টা বিস্ফোরিত হয়েছে। অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিরীক্ষা করে প্রাথমিকভাবে দেখা গেছে, বোমাগুলো একধরনের সার্কিট দিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা। আর ঘটনাস্থলের পাশেই একটি কবরস্থান রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই বোমা নিক্ষেপ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত