সিলেটটুডে ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৫ ১২:৩৯

হোসেনি দালানে বোমা হামলায় নিহত কয়েকজন: দাবি আয়োজকদের

পুরান ঢাকার হোসনি দালানের তাজিয়া মিছিলে বোমা হামলায় নিহতের সংখ্যা পুলিশের তরফ থেকে একজন বলা হলেও হোসনি দালান কমিটির সভাপতি ও সুপারিন্টেন্ডেন্ট এমএম ফিরোজ হোসেন জানিয়েছেন এ ঘটনায় নিহত হয়েছেন কয়েকজন এবং আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোসনি দালান ইমামবাড়ার পক্ষে ফিরোজ হোসেন এ তথ্য জানান।


শুক্রবার দিবাগত রাত ২টায় (শনিবার ভোর) পুরান ঢাকায় শিয়াদের সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। আহতদের মধ্যে  সাজ্জাদ হোসেন সানজু নামে ১০/১২ বছরের এক ছেলে নিহত হন। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে।

হোসনি দালান, ইমামবাড়ার পক্ষ থেকে সভাপতি ফিরোজ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, আশুরার ঐতিহ্যবাহী শোক মিছিলে বোমা হামলা একটি কাপুরুষোচিত ঘটনা।

তিনি জানান, এ ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চারশ বছর ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে মহররমে আশুরা অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে। গতরাতে ( শুক্রবার) দুষ্কৃতকারীরা ন্যাক্কারজনক বোমা হামলার মধ্য দিয়ে শত বছরের ধর্মীয় সম্প্রীতির উপর আঘাত হেনেছে।

এ ঘটনায় ধিক্কার জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, এরকম ন্যাক্কারজনক ঘটনা ৬১ হিজরিতে কারবালার প্রান্তরে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (আ.) এর সঙ্গে ঘটেছিল। আর আজ বাংলাদেশের ঐতিহাসিক হোসনি দালানের ইমামবাড়ায় ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

আপনার মন্তব্য

আলোচিত