২৫ অক্টোবর, ২০১৫ ২৩:৩৪
বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের (আইএস) কোনো অস্থিত্ব নেই বলে ফের দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি, সাংগঠনিকভাবে আইএসের অস্তিত্ব বাংলাদেশে নেই। আমাদের গোয়েন্দারা সেটা পায়নি।’
তবে আইএস জঙ্গি, আনসারুল্লাহ বাংলাটিম, ছাত্রশিবির এরা সব একই সূত্রে গাঁথা বলে দাবি করেছেন তিনি।
মন্ত্রী বলেন, ‘একটা কিছু হলেই তাৎক্ষণিকভাবে আইএস বিবৃতি দিচ্ছে। এটা প্রপাগান্ডা হতে পারে। আবার উদ্দেশ্যও থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করছি।’
রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রী এ কথা বলেন। কমিটির সভাপতি টিপু মুন্সীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মো. শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবুল কালাম আজাদ ও কামরুন নাহার চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই বিদেশি নাগরিক হত্যা ও হোসনি দালানে হামলার ঘটনা একই সূত্রে গাঁথা। ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তারা ধরা পড়বে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো একটা ঘটনা ঘটলে বিদেশি বন্ধুরা বাংলাদেশে আইএস আছে বলে যে মন্তব্য করে থাকেন, তা ঠিক না। আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। এখানে অন্য কোনো টেরোরিস্ট থাকতে পারে। তদন্ত করছি, তদন্ত শেষ হলে তা স্পষ্ট হবে। কে কার সঙ্গে জড়িত।’ এই সকল ঘটনার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু বলেন, ‘সবই তো ভালো ছিল। পূজাটা ভালোভাবে কাটলো। কিন্তু শেষ মুহূর্তে বোমা হামলা ঘটলো। চাঁদেরও কলঙ্ক আছে। তেমন এটাও একটা কলঙ্ক হয়ে গেল।’
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বিদেশিদের নিরাপত্তায় পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ যথাযথভাবে প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানানোর পরামর্শ দেয়া হয়। এছাড়া পুলিশ বাহিনীতে কাউন্টার সেল গঠন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে শক্তিশালী নিরাপত্তা বাহিনী গঠনের সুপারিশ করা হয়।
আপনার মন্তব্য