সিলেটটুডে ডেস্ক

২৮ অক্টোবর, ২০১৫ ০৩:০৭

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মজার স্কুলের চার স্বেচ্ছাসেবী

কিছুদিন আগেও তারা ছিলেন কারাগারে। আজ প্রধানমন্ত্রীর অফিসে। উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের আমন্ত্রণে মজার স্কুলের জামিন প্রাপ্ত এই চার তরুণ মঙ্গলবার গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। দেখা করেছেন বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে। অভিজ্ঞতা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বৈঠকও করেছেন তারা।

সাক্ষাতে মুখ্য সচিব আবুল কালাম আজাদ এই তরুণদের সঙ্গে মজার স্কুল নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব কবির বিন আনোয়ার। সেখানেই মধ্যাহ্ন ভোজ সারেন এই স্বেচ্ছাসেবকরা।

মজার স্কুলের তরুণরা জানান, এতদিন বাইরে থেকে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় দেখেছেন। আজ এই প্রথম তারা এর ভেতরে ঢুকলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তরিকতায় তারা মুগ্ধ।

মানবপাচারের অভিযোগে এই চার তরুণকে গত ১২ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ। এরপর প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এজন্য ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে একটি খোলা চিঠি লিখেন একজন ফেসবুক ব্যবহারকারী। সেই চিঠি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ১০ হাজার বার শেয়ার হয় ফেসবুকের এই স্ট্যাটাস। এরইমধ্যে ব্যাপারটা প্রধানমন্ত্রীর দফতরের নজরে আসে। প্রশাসনের বিভিন্ন স্তরে এ নিয়ে তোড়জোড় শুরু হয়। অবশেষে ২১ অক্টোবর চার তরুণ জামিনে মুক্তি পান।

আপনার মন্তব্য

আলোচিত