২৮ অক্টোবর, ২০১৫ ১১:৫০
সুন্দরবনের চাদপাই রেঞ্জের শ্যালা নদীতে র্যাব-৮ এর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু শিপন বাহিনীর প্রধান শিপন (৩২) নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার (২৮ অক্টোবর) সকালে সুন্দরবনের গহীন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় র্যাব ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৩শ রাউন্ড গুলি উদ্ধার করে।
র্যাব-৮ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফরিদুল আলম বলছেন, বুধবার ভোর ৬টার দিকে মৃগমারী খাল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
তিনি বলেন, নিহত শিপনকে (৩২) স্থানীয় জেলেরা বনদস্যু ‘শিপনবাহিনীর’ প্রধান বলে শনাক্ত করেছেন।
“শিপন আট/দশ জনের একটি দল গঠন করে নিজের নামে দস্যুবৃত্তি চালিয়ে আসছিল। সুন্দরবনে জেলে-বাওয়ালীদের কাছ থেকে চাঁদাবাজি, মাছ ও জাল লুটসহ অপহরণের পর মুক্তিপণ আদায়ের বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”
ভোরে সুন্দরবনের চাদপাই রেঞ্জের শ্যালা নদী এলাকায় বনদস্যু শিপন তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় বনদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেরে গুলি ছুড়তে থাকে। এতে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।
একপর্যায়ে দস্যুরা গুলি ছোড়া বন্দ করে পিছু হটে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি ১৮টি আগ্নেয়ান্ত্র ও ৩শ' রাউন্ড গুলি উদ্ধার করে।
মেজর আদনান আরও জানান, নিহত বনদস্যু শিপনের লাশ মংলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে।
এর আগে সোমবার রাতেও খুলনার কয়রা উপজেলায় পশ্চিম সুন্দরবনের বাদুরঝুলি খালে বনদস্যুদের সঙ্গে র্যাবের গোলাগুলি হয়।
পরে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বাদুরঝুলি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও বনদস্যু ‘ইলিয়াস বাহিনীর’ সদস্য শাহীনুর রহমানকে (৩৪) আহত অবস্থায় আটক করার কথা জানানো হয়।
আপনার মন্তব্য