নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০১৫ ১৪:০৮

জেএসসি জেডিসি প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের 'জুনিয়র স্কুল সার্টিফিকেট' (জেএসসি) ও মাদ্রাসা শিক্ষার্থীদের 'জুনিয়র দাখিল সার্টিফিকেট' (জেডিসি)র প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয় প্রথম দিনের পরীক্ষা।

এ বছর নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এবার অষ্টম শ্রেণীর এ সমাপনী পরীক্ষায় অংশ নেবে সোয়া ২৩ লাখ শিক্ষার্থী। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এবারও বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে।

এবারের ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন ছাত্রী; আর ছাত্র ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন। এ হিসাবে ছাত্রদের চেয়ে এক লাখ ৬০ হাজার ৫৯৩ জন বেশি ছাত্রী পরীক্ষা দেবে এবার। এই শিক্ষার্থীদের মধ্যে জেএসসি পরীক্ষা দেবে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন। আর জেডিসিতে শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৫৮ হাজার ৪৮৬ জন।

২০১৪ সালে এ পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন অংশ নিয়েছিল। সে হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে দুই লাখ ৩৫ হাজার ২৪১ জন।

এবার দুই হাজার ৬২৭টি কেন্দ্রে ২৮ হাজার ৬৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৮৫ জন। 

শ্রবণপ্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। এসব পরীক্ষার্থীকে অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

উল্লেখ্য, এ পরীক্ষায় বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকলেও দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে, অর্থাৎ এসএসসির মতো দুটি অংশে আলাদা আলাদা পাসের প্রয়োজন নেই।

আপনার মন্তব্য

আলোচিত