০১ নভেম্বর, ২০১৫ ২১:২৮
উগ্র মৌলবাদী হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর কর্ণধার আরেফিন ফয়সাল দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বিচার না চাওয়ায় তাকে খুনিদের মতাদর্শি বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
অধ্যাপক ফজলুল হক সন্তান হারিয়ে মর্মাহত অবস্থায় বিচার না চাই না বলেছিলেন, পরে ব্যাখ্যা দিয়ে বলেছিলেন -'হয়ত নিয়ম অনুযায়ী আমি মামলা করব, কিন্তু বিষয়টি আইন দিয়ে সমাধান হবে না, এটি সমাধান করতে হলে রাজনৈতিক হস্তক্ষেপ দরকার, সকলের শুভবোধ হবার দরকার'। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও তখন তাঁর বক্তব্যের সাথে একমত হয়েছিলেন।
কিন্তু আওয়ামী লীগ নেতা হানিফ জেলহত্যা দিবস উপলক্ষে জনসভার প্রস্তুতি দেখতে রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন - “যে পুত্র হত্যা হয়েছে তার বাবা অধ্যাপক সাহেব হয়ত ওই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত উনার দলের লোকজনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চান না বলেই তিনি এ ধরনের কথা বলেছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আমিও একজন বাবা। বাবা হিসেবে আমি নিজেও লজ্জিত তার বক্তব্যে।”
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জেল হোসেন মায়াও উপস্থিত ছিলেন।
সমাজতন্ত্রে বিশ্বাসী আবুল কাসেম ফজলুল হক এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থি শিক্ষকদের গোলাপি দলে যুক্ত ছিলেন।
আবুল কাশেম ফজলুল হক সম্পর্কে সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন- "তিনি প্রগতিশীল মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। তাঁর সম্পর্কে কোন কিছু না জেনে মাহবুবুল হক হানিফ এমন মন্তব্য কীভাবে করলেন তা ভাবতেই অবাক হয়ে যাচ্ছি।"
একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব অর্বাচীন মন্তব্যকারীদের ব্যাপারে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপও কামনা করেন।
শনিবার রাজধানীর লালমাটিয়া ও শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিহত লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর ও জাগৃতির অফিসে হামলা হয়।
হামলায় শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশিদ টুটুল, লেখক রণদীপম বসু, কবি তারেক রহিম শেষপর্যন্ত প্রাণে বেঁচে গেলেও সন্ধ্যায় আজিজ মার্কেটে জাগৃতির মালিক ফয়সল আরেফিন দীপন নিজ কার্যালয়ে হত্যার শিকার হন।
শনিবার রাত ৯টার দিকে আনসার আল ইসলাম নামে অ্যাকাউন্ট থেকে টুইট করে দায় স্বীকারের এই বার্তা দেওয়া হয়।
আপনার মন্তব্য